খুলনায় পাটের বাজারে ধস দাম আরও কমার আশঙ্কা
খুলনা অঞ্চলে হঠাৎ করে পাটের বাজারে স্থবিরতা দেখা দিয়েছে। একদিকে খুচরা পর্যায়ে পাটের দাম পড়ে গেছে, অন্যদিকে রপ্তানিও কমেছে ব্যাপক হারে। পাটচাষি ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, প্রতিবছর সেপ্টেম্বরের শুরুতে যেখানে খুলনার গুদামগুলোতে দৈনিক ৩০০ থেকে ৫০০ ট্রাক পাট আসত, সেখানে এবার তা কমে ৫০ থেকে ৬০ ট্রাকে নেমে এসেছে।কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এবার পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এবং পুকুর-খাল-বিল ও জলাশয়গুলোতে পানি কম থাকায় ভালোভাবে পাট জাগ (পানিতে পচানো) দেওয়া যায়নি। এতে খুলনাসহ সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রায় ৮০ ভাগ পাটের রংই কালো, শক্ত ও নিম্নমানের হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে এ ধরনের পাটের চাহিদা কম। এ ছাড়া অতীতে খুলনার পাটকলগুলোতে বস্তা তৈরি করার জন্য কম দামে এ ধরনের পাট কেনা হলেও দুই বছর ধরে বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) তত্ত্বাবধানে উচ্চমূল্যে ভালোমানের পাট কেনা হচ্ছে। এর ওপর স্থানীয় ব্যবসায়ীরাও লাভ না হওয়ার আশঙ্কায় পাট কেনা থেকে বিরত রয়েছেন। খুলনার পাট ব্যবসায়ী মো. হারুন আকুঞ্জি প্রথম আলোকে জানান, এখন বাজারে যেসব পাট আসছে তার মান খুবই খারাপ। এ ছাড়া পরিবহন ব্যয়সহ খরচ বেড়ে লাভের সম্ভাবনা কমে যাওয়ায় ব্যবসায়ীরা পাট রপ্তানিতে আগ্রহ হারিয়ে ফেলছেন। ব্যবসায়ী ও কৃষকেরা জানান, মৌসুমের শুরুতে মণপ্রতি পাট এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা দরে বিক্রি হলেও এখন তা ৯০০ থেকে এক হাজার টাকায় নেমে এসেছে, যা ৭০০ থেকে ৮০০ টাকায় নেমে আসতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক প্রথম আলোকে জানান, বাংলাদেশের পাটের প্রধান ক্রেতাই এখন ভারত। কিন্তু বেনাপোল বন্দর দিয়ে পাট রপ্তানির ক্ষেত্রে ওঠানো-নামানোর কাজে বিলম্ব ঘটছে। অনেক ব্যবসায়ী এখনো গত বছর বেশি দামে কেনা পাটও বিক্রি করতে পারেননি, যে কারণে এবার চাহিদা কম।