খুলনায় প্রথমবারের মতো এসএমই পণ্যমেলা শুরু
বিভাগীয় শহর খুলনায় প্রথমবারের মতো গতকাল বুধবার থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্যমেলা শুরু হয়েছে, যা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। এসএমই ফাউন্ডেশন জেলা পরিষদের সামনের কালেক্টরেট প্রাঙ্গণে পাঁচ দিনের এ মেলার আয়োজন করেছে।
মেলায় খুলনা ও বরিশাল বিভাগের ৫১টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের পাটজাত পণ্য, হ্যান্ডিক্র্যাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, গৃহস্থালি পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
জেলা প্রশাসক নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার নির্বাহী পরিচালক শেখ আজিজুল হক, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক ও সহসভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক আবদুস ছালাম, বিসিক খুলনার উপমহাব্যবস্থাপক সৈয়দ মোর্শেদ আলী প্রমুখ।
মেলাটি আয়োজনে এসএমই ফাউন্ডেশনকে সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক, খুলনা জেলা প্রশাসন, বিসিক, খুলনা চেম্বার ও ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (নাসিব)।