খুলনায় বাণিজ্য মেলা উদ্বোধন
খুলনায় ১০ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা গতকাল রোববার শুরু হয়েছে। স্থানীয় সার্কিট হাউস ময়দানে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মীর ব্রাদার্স যৌথভাবে মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনার সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান, জেলা প্রশাসক জমসের আহম্মেদ খন্দকার, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী শাহনেওয়াজ।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সাবেক মেয়র কাজী আমিনুল হক। এতে আরও বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি শাহাদাৎ হোসেন বাদশা।মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ১৬০টি স্টল ও ২১টি প্যাভিলিয়ন রাখা হয়েছে।অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী দ্রব্যমূল্যের বৃদ্ধির কথা স্বীকার করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বহুলাংশে বৃদ্ধি পাওয়ায় এ দেশেও বেড়েছে। ফারুক খান বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেক ব্যবসায়ী পালিয়ে ছিলেন। তখন মনে হতো ব্যবসা করা যেন অপরাধ। তিন মাস মেয়াদের ওই তত্ত্বাবধায়ক সরকার জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করেছিল। কিন্তু জনগণ সে পরিকল্পনা সফল হতে দেয়নি।বাণিজ্যমন্ত্রী মেলা প্রাঙ্গণে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট প্রদান করেন এবং অন্যদেরও একই কাজ করার আহ্বান জানান।