খুলনায় মেট্রো চেম্বার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খুলনা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ নামে নতুন সংগঠন সরকারের রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।এই বাণিজ্যিক সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন খুলনা কেডিএ নিউমার্কেট মালিক সমিতির সভাপতি ও সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাস। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি হবে অরাজনৈতিক ও প্রকৃত শিল্পপতি-ব্যবসায়ীদের সেবাদানকারী সংগঠন। এ ব্যাপারে ইতিমধ্যে খুলনার প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।’ প্রচলিত বিধিবিধান অনুযায়ী, নতুন সংগঠনটি দুটি স্থানীয় ও দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ২১ জন পরিচালক মনোনীত ও সদস্য সংগ্রহ করতে পারবে। গফফার বিশ্বাস জানান, কমিটি গঠনের লক্ষ্যে ২৬ এপ্রিল ব্যবসায়ীদের সভা আহ্বান করা হয়েছে।এ প্রসঙ্গে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হক বলেন, ‘যে কেউ নতুন সংগঠন করতে পারেন। তবে ব্যবসায়ী সংগঠন হতে হবে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে। সেই রকম সংগঠন হলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি।’সংগঠনটিকে অবশ্য ১৮০ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।