খুলনায় সিএসইর শাখা স্থাপনের পরিকল্পনা রয়েছে
খুলনায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) একটি শাখা স্থাপনের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন সিএসইর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। আজ শনিবার খুলনায় শিল্প ব্যাংক ভবনে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএসইর উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
কর্মশালায় এক প্রশ্নের জবাবে সিএসই চেয়ারম্যান বলেন, পদ্মাসেতু তৈরি হওয়ার পর খুলনায় বিনিয়োগের একটি বড় ক্ষেত্র তৈরি হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার বাড়বে। খুলনায় যদি নিজস্ব পুঁজিবাজার তৈরি না হয় তাহলে সিএসইর একটি শাখা স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে তা অবশ্যই নিয়মের মধ্যে থেকেই হবে।
এ সময় বিনিয়োগকারীদের ভালোভাবে বুঝে শেয়ার বাজারে বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, দাম বাড়লেই পুঁজি ভেঙে অন্য শেয়ার কেনা থেকে বিরত থাকা উচিত বিনিয়োগকারীদের। অনেক কোম্পানি রাজস্ব বোর্ডের কর দেওয়ার জন্য লভ্যাংশ কম দেখিয়ে এক ধরনের ব্যালান্সশিট তৈরি করে, আবার ব্যাংক থেকে ঋণ পেতে ভালো মূলধন দেখিয়ে আরেক ধরনের ব্যালান্সশিট তৈরি করে। এ ধরনের কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ২০১০ সালে পুঁজিবাজারে অনেক ছোট-বড় বিনিয়োগকারী নিঃস্ব হয়েছেন। সে সময় বাজার কারসাজির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের শাস্তি দেওয়া হলে বিনিয়োগকারীরা কিছুটা হলেও স্বস্তি পেতেন।
অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজের চট্টগ্রাম শাখা ব্যবস্থাপক ওয়েজ আলী জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম, আইল্যান্ড সিকিউরিটিজের খুলনা শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা, অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজের খুলনা শাখা ব্যবস্থাপক মাহফুজুর রহমান।