খুলনায় সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার আঞ্চলিক ফাইনাল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী আয়োজিত মনিটর-মালয়েশিয়ান পাম অয়েল সেফ অব দ্য ইয়ার-২০১০ প্রতিযোগিতার খুলনা অঞ্চলের ফাইনাল গত শুক্রবার খুলনা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে খুলনা ও বরিশাল বিভাগের শীর্ষস্থানীয় আটজন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। এতে অন্যান্যের মধ্যে মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম ফখরুল আলম ও দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন। খুলনা আঞ্চলিক ফাইনাল প্রতিযোগিতায় যাঁরা অংশ নেন তাঁরা হলেন জুনেদা বেগম নীলা, শেরিনা সুলতানা, তানিয়া পারভীন, আজমেরী রওশন মিমি, মো. আলমগীর হোসেন, তসলিমা কাদের, হাসিনা আক্তার রিপা (খুলনা) ও খাদিজা খাতুন লাকী (যশোর)। তাঁদের মধ্যে প্রথমজন বরিশালের, শেষজন যশোরের ও বাকিরা খুলনার প্রতিযোগী।প্রতিযোগিতায় প্রথম হন জুনেদা বেগম নীলা। তাঁর রেসিপি ছিল ‘চিংড়ি পোলাও’। ‘সরিষা চিংড়ি’ রেসিপি নিয়ে রানার্সআপ নির্বাচিত হন আজমেরী রওশন মিমি। উভয়েই নগদ অর্থ, ক্রেস্টসহ অন্যান্য পুরস্কার লাভ করেন। খুলনা অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ আগামী ২৭ নভেম্বর ঢাকার সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিতব্য গ্রান্ড ফাইনালে অংশ নেবেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট রন্ধনবিশারদ ও টিভি ব্যক্তিত্ব কেকা ফেরদৌসি, কল্পনা রহমান, রওশন আরা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি।