খেজুর, ছোলা ও মসুর ডালের দাম নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়

পবিত্র রমজান মাস সামনে রেখে খেজুর, ছোলা ও মসুর ডালের খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি কেজি ইরাকি জাহেদি খেজুর পাইকারি বাজারে সর্বোচ্চ ৭২ থেকে ৭৫ টাকা ও খুচরা পর্যায়ে ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হবে। প্রতি কেজি অস্ট্রেলিয়ান ছোলার সর্বোচ্চ পাইকারি দর ৫২ থেকে ৫৪ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকায় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কানাডার মসুর ডাল প্রকারভেদে সর্বোচ্চ পাইকারি মূল্য ৭২ থেকে ৭৫ টাকা ও খুচরা মূল্য ৭৫ থেকে ৮৫ টাকায় নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে নতুন মূল্য কার্যকর হবে।
অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে খেজুর, ছোলা ও মসুর ডালের আমদানি, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে এসব পণ্যের খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করা হয়। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত ৩০ জুন বাণিজ্য মন্ত্রণালয় চিনি ও ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়। এর মধ্যে প্রতি কেজি চিনির দাম মিলগেটে সর্বোচ্চ সাড়ে ৪১ টাকা, পাইকারি পর্যায়ে সাড়ে ৪২ টাকা ও খুচরা বাজারে সাড়ে ৪৫ টাকায় নির্ধারণ করা হয়। প্রতি লিটার পাম অলিনের সর্বোচ্চ দর মিলগেটে ৬৯ টাকা, পাইকারি বাজারে ৭০ টাকা ও খুচরা পর্যায়ে ৭৩ থেকে ৭৫ টাকায় বেঁধে দেওয়া হয়।
এ ছাড়া খোলা (লুজ) সয়াবিন তেলের লিটারপ্রতি সর্বোচ্চ দাম মিলগেটে ১০১ টাকা, পাইকারি পর্যায়ে ১০২ টাকা ও খুচরা বাজারে ১০৫ থেকে ১০৮ টাকায় নির্ধারণ করা হয়। আর বোতলজাত সয়াবিন তেল এক লিটার ১২৭ টাকা এবং পাঁচ লিটারে যে দাম আছে, তা থেকে ২৫ টাকা কমে নির্ধারণ করা হয়।