খেলাপি ঋণ আদায়ে আড়াই হাজার গ্রাহককে চিঠি দিচ্ছে রাকাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সৈয়দপুরের আড়াই হাজার ঋণখেলাপিকে এক মাসের মধ্যে যাবতীয় ঋণ পরিশোধের চূড়ান্ত তাগিদ দিয়ে আজ রোববার থেকে চিঠি দিচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাকাবের সৈয়দপুর শাখার দেওয়া ২৫ কোটি টাকার ঋণ অনাদায়ী হয়ে পড়ার পরিস্থিতিতে কর্তৃপক্ষ শাখাটিকে চলতি ডিসেম্বর মাসের মধ্যেই তা আদায় কিংবা সমন্বয়ের চাপ দেয়। সে অনুযায়ী শাখাটি তৎপরতা শুরু করে এবং এরই মধ্যে অধিকাংশ ঋণ সমন্বয় হলেও আট কোটি টাকা কোনোভাবেই আদায় করা যাচ্ছে না বলে খেলাপি গ্রাহকদের চিঠি দিচ্ছে।শাখাটির ব্যবস্থাপক স্বপন কুমার ঘোষ প্রথম আলোকে জানান, ‘অনাদায়ী টাকা আদায়ে আমরা সচেষ্ট রয়েছি। ডিসেম্বরের মধ্যেই খেলাপি ঋণ আদায়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর পরও যদি সহযোগিতা না মেলে সে ক্ষেত্রে ওই সব গ্রাহককে দায়বদ্ধ (মর্টগেজ) সম্পদ নিলামে বিক্রি করে ঋণ সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।’ তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে খেলাপি গ্রাহকদের সহায়তা কামনা করেছেন।