খেলাপি ঋণ আদায়ে তাগাদা
খেলাপি ঋণ বেশি বেড়েছে এমন ২৩ ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চাহিদা অনুযায়ী সঞ্চিতি সংরক্ষণ করতে পারেনি এমন আট ব্যাংককেও চিঠি দিয়ে তা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে পৃথক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, ব্যাংকিং খাতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৬৫ হাজার ৭৩১ কোটি টাকা। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ৬৩ হাজার ৩৬৫ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৩৬৬ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকেরই খেলাপি ঋণ বেড়েছে ৮৪২ কোটি টাকা। অগ্রণী ব্যাংকের বেড়েছে ৭১৯ কোটি টাকা, রূপালী ব্যাংকের বেড়েছে ৬৬৯ কোটি টাকা, এবি ব্যাংকের বেড়েছে ১১৪ কোটি টাকা, ব্যাংক এশিয়ার বেড়েছে ১৮৭ কোটি টাকা।
একই সময়ে ঋণের মান অনুযায়ী সঞ্চিতি সংরক্ষণ করতে পারেনি আট ব্যাংক। বেসিক ব্যাংকের সঞ্চিতি ঘাটতি ৩ হাজার ৭৮৯ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৭৫৫ কোটি টাকা, সোনালী ব্যাংকের ১ হাজার ২৮ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৫৩ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকের ১৬৮ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের ২৫৪ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০ কোটি টাকা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি ১৯৬ কোটি টাকা।
চিঠিতে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।