খেলাপি ঋণ আবার বেড়েছে
মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ তিন হাজার ১৭২ কোটি টাকা বেড়েছে। সর্বশেষ জুন ২০১৪ অনুসারে ব্যাংক খাতে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ ৫১ হাজার ৩৪৪ কোটি ৫৪ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ৭৫ শতাংশ।
এর আগে মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪৮ হাজার ১৭২ কোটি টাকা বা সেই সময় পর্যন্ত বিতরণ করা মোট ঋণের ১০ দশমিক ৪৫ শতাংশ।
প্রধানত রাষ্ট্র খাতের বেসিক ব্যাংকের খেলাপি ঋণ তিন মাসে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় ব্যাংক খাতের সার্বিক খেলাপি ঋণ বেড়েছে। তিন মাসে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে দুই হাজার ৩৩ কোটি টাকা। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ হয়েছে চার হাজার ৫৯০ কোটি ৬২ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৪০ দশমিক ৭৭ শতাংশ। মার্চ শেষে যা ছিল দুই হাজার ৫৫৭ কোটি ৩৪ লাখ টাকা বা ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ। অর্থাৎ তিন মাসে বেড়েছে প্রায় ৬৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতকৃত সর্বশেষ জুন (২০১৩) ও মার্চভিত্তিক (২০১৪) ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং (নিরাপত্তা সঞ্চিতি) প্রতিবেদনের বিশ্লেষণে এ তথ্য মিলেছে।
গত বছরের শেষভাগে দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছিল। এ সময় পুরোনো-নতুন মিলিয়ে বিপুলসংখ্যক খেলাপি তাঁদের ঋণ নিয়মিত করেন। এতে ডিসেম্বর ২০১৩-এ খেলাপি ঋণ কমে হয়েছিল ৪০ হাজার ৫৮৩ কোটি টাকা বা ৮ দশমিক ৯৩ শতাংশ।
তবে ব্যাংক খাতের সূত্রগুলো বলছে, পুনঃতফসিল করা সেই সব ঋণের মধ্যে কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই কিস্তি খেলাপি হয়েছেন ব্যবসায়ীরা। যেগুলো আগামী প্রান্তিকের পরিসংখ্যানে চলে আসবে।
যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, গত কয়েক বছরের ঋণ শ্রেণিকরণ প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যাবে, বছরের প্রথম তিন প্রান্তিকে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়ে থাকে। কিন্তু বছর শেষে ব্যাংকগুলো নিজেদের তাগিদেই আদায়ে তৎপর হয়। তখন খেলাপি ঋণ কমে আসে।
সূত্রগুলো বলছে, বছর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দুভাবে কমে। ব্যাংকাররা মুনাফা বৃদ্ধি করতে আদায়ের বিষয়ে অধিক তৎপরতা চালান। একইভাবে ব্যবসায়ীরাও বছর শেষে তাঁর হিসাবটি সন্তোষজনক রাখতে চান। এ পর্যায়ে অবশ্য খারাপ ঋণকে ভালো দেখানোরও প্রবণতা ব্যাংকগুলোতে থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পরিদর্শনকাজের আওতায় সেগুলোকে নজরদারিতে আনা হয়। এ পর্যায়ে কোনো খেলাপি ঋণকে ভালো মানে দেখালে কেন্দ্রীয় ব্যাংক সেগুলো গুণগত বিবেচনায় খেলাপি হিসাবে শ্রেণিকরণ করে থাকে বলে সূত্রগুলো উল্লেখ করেছে।
জুনভিত্তিক খেলাপি ঋণের প্রতিবেদনের তথ্য অনুসারে দেশের ৪৭টি (নয়টি নতুন ব্যাংক বাদে) তফসিলি ব্যাংকের মধ্যে ২৩ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। কমেছে ২৪টির।
আইসিবি ইসলামী ব্যাংকের পরিস্থিতি উদ্বেগজনক ছিল। এখনো প্রায় সেই অবস্থাতে আছে, যদিও তিন মাসে ব্যাংকটির কিছু খেলাপি ঋণ কমেছে। ব্যাংকটিতে এখন ৭৩ দশমিক ২১ শতাংশ ঋণ খেলাপি। মার্চের হিসাবে যা ছিল ৭৫ দশমিক ১১ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শতকরা হিসাবে দুই অঙ্কের ঘরে খেলাপি ঋণ রয়েছে আর তিনটি ব্যাংকের, এই তিনটিই বিদেশি ব্যাংক। এগুলো হলো পাকিস্তানের হাবিব ও ন্যাশনাল ব্যাংক এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এদের খেলাপি ঋণের হার যথাক্রমে ১১ দশমিক ৫৯, ২৮ দশমিক ৭৩ ও ২০ দশমিক ৬৭ শতাংশ।
জুন শেষে রাষ্ট্র খাতের সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের খেলাপি ঋণ দুই হাজার ৩০ কোটি টাকা বেড়ে হয়েছে ১৯ হাজার ৭১৯ কোটি টাকা বা ২৩ দশমিক ২৩ শতাংশ। অন্যদিকে দেশের বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ৬২২ কোটি টাকা বেড়ে হয়েছে প্রায় ১৯ হাজার ১৫১ কোটি বা ৫ দশমিক ৭০ শতাংশ। বিদেশি নয়টি ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১৯৬ কোটি টাকা বেড়ে হয়েছে প্রায় এক হাজার ৪২৩ কোটি টাকা বা ৬ দশমিক ১৯ শতাংশ। আর বিশেষায়িত চার ব্যাংকের খেলাপি ঋণ প্রায় এক হাজার ৩২৫ কোটি টাকা বেড়ে হয়েছে প্রায় ১১ হাজার ৫২ কোটি টাকা বা বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ১২ শতাংশ।