খেলাপি ঋণ কমাতে পরিদর্শন বাড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গতকাল রাজধানীর মতিঝিলে এমসিসিআইয়ের সম্মেলনকক্ষে সংগঠনটির ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় বক্তব্য দেন l ছবি: এমসিসিআইয়ের সৌজন্যে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গতকাল রাজধানীর মতিঝিলে এমসিসিআইয়ের সম্মেলনকক্ষে সংগঠনটির ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় বক্তব্য দেন l ছবি: এমসিসিআইয়ের সৌজন্যে

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়তে থাকায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। ব্যবসায়ীদের এ প্রভাবশালী সংগঠনটির সভাপতি নিহাদ কবির বলেছেন, ‘ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েই চলেছে। ২০১৫-১৬ অর্থবছর শেষে তা ছিল প্রায় ৬৩ হাজার কোটি টাকা। আগামী বছর তা অনেক বেশি হতে পারে। এটা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।’
ঢাকার মতিঝিলে এমসিসিআইয়ের সম্মেলনকক্ষে গতকাল রোববার সংগঠনটি আয়োজিত ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি লতিফুর রহমান, সাবেক সহসভাপতি আখতার মতিন চৌধুরী, আনিস এ খানসহ সাবেক ও বর্তমান কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে নিহাদ কবির বলেন, খেলাপি ঋণ কমাতে পরিদর্শন জোরদার করতে হবে। পাশাপাশি ঋণ কার্যক্রমে ব্যাংকের দক্ষতা ও ঝুঁকি ব্যবস্থাপনা বৃদ্ধি করতে হবে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংকঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার দাবি জানিয়ে এমসিসিআই সভাপতি আরও বলেন, শিল্প, সেবা ও কৃষি খাতে ব্যাংকঋণের সুদহার কমলেও এসএমই খাতে কমেনি। এখনো এসএমই ঋণে গ্রাহকদের ১৪ শতাংশ সুদ দিতে হচ্ছে। এখন মূল্যস্ফীতির হার অনেক কম। এ সময়ে এত বেশি হারে সুদ কাম্য নয়।
নিহাদ কবির যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন, যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট বাংলাদেশের অর্থনীতির জন্য অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে উল্লেখ করেন। এ ক্ষেত্রে মুদ্রানীতিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।
নিহাদ কবির বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে বাংলাদেশ থেকে বিদেশে বিক্রয় প্রতিনিধির কমিশন, রয়্যালটি পাঠাতে হলে সুবিধাভোগী থেকে যে ২০ শতাংশ উৎসে কর কাটা হয়, তা স্থগিত করার দাবি করেন। এ ছাড়া তিনি বিদেশে অর্থ প্রেরণ নিয়ে আরও কিছু প্রস্তাব তুলে ধরেন। রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে পোশাক খাতের বাইরে অন্যান্য খাতের ঋণসীমাও দুই কোটি ডলার করার দাবি করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণ উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, সর্বশেষ হিসাবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার মোট ঋণের ১০ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন প্রধান চার ব্যাংকে (সোনালি, জনতা, অগ্রণী ও রূপালী) এ হার ২০ থেকে ২৫ শতাংশ। তিনি বলেন, খেলাপি ঋণের উচ্চহারের কারণে ঋণের সুদহার কাঙ্ক্ষিত হারে কমছে না।
ব্যাংকগুলো ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক বেশি ঋণ বিতরণ করছে উল্লেখ করে ফজলে কবির আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক ঋণ বিকেন্দ্রীকরণ করতে চাচ্ছে।