খেলাপি ঋণ কমিয়ে আনার আহ্বান জানালেন গভর্নর
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ জন্য ব্যাংকগুলোর ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সুপারভিশন কমিটির সভায় গতকাল বুধবার গভর্নর এসব তাগিদ ও পরামর্শ দেন। ব্যাংক তদারকি ও পরিদর্শনকাজে যুক্ত বাংলাদেশ ব্যাংকের ১৬টি বিভাগের মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট নির্বাহী পরিচালকেরা সভায় উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজনৈতিক অস্থিরতার কারণে গত জুন পর্যন্ত খেলাপি ঋণ পুনঃতফসিলীকরণে বিশেষ সুযোগ দেওয়া হয়। এতে খেলাপি ঋণ কিছুটা কমে এলেও তা আবার বাড়তে শুরু করেছে।
পরিসংখ্যান থেকে দেখা যায়, এ বছরের জুন শেষে বিতরণকৃত মোট ঋণের ১০ দশমিক ৭৫ শতাংশ খেলাপি থাকলেও তিন মাসের ব্যবধানে সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬০ শতাংশ বা ৫৭ হাজার ২৯০ কোটি ৮৯ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত করা ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং প্রতিবেদন অনুসারে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ হয়েছে চার লাখ ৯৩ হাজার কোটি টাকার বেশি।
আগের প্রান্তিকে অর্থাৎ গত জুন শেষে মোট ঋণের পরিমাণ ছিল চার লাখ ৭৭ হাজার ৪৩৭ কোটি টাকা।
খেলাপি ঋণ বাড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংক। এ অবস্থায় গতকালের বৈঠকে মহাব্যবস্থাপকদের নির্দেশ দেওয়া হয়, সকল বাণিজ্যিক ব্যাংককে বকেয়া ঋণ আদায়ের জোর তাগিদ দিতে হবে। বকেয়া ঋণ আদায়ের প্রক্রিয়া জোরদার করে খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের হার এক অঙ্কের ঘরে অর্থাৎ ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে চায়।
আর তা যেন ডিসেম্বর মাসে শেষ হওয়া প্রান্তিকেই হয়, সেদিকে জোর প্রচেষ্টা নিতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক।
এ জন্য বকেয়া ঋণ আদায় করার পাশাপাশি ঋণ পুনঃতফসিল ও অবলোপন প্রক্রিয়ায়ও গতি আনতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।
এ ছাড়া ঋণ শ্রেণীকরণ নীতিমালায় কিছু পরিবর্তন আনার কথাও ভাবা হচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।