খেলাপি ঋণ কমে এখন ১০ শতাংশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে খেলাপি ঋণ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে অনুসারে, ২০০৯ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ৪৮২ কোটি টাকা, যা এই সময় পর্যন্ত বিতরণ করা মোট ঋণের ৯ দশমিক ২১ শতাংশ। আর ২০০৮ সালের ডিসেম্বর মাসের শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা, যা ওই সময় পর্যন্ত বিতরণ করা মোট ব্যাংক ঋণের ১০ দশমিক ৭৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, খেলাপি ঋণের বিপরীতে সংরক্ষিত সঞ্চিতি বাদ দিয়ে নিট বা প্রকৃত খেলাপি ঋণের যে হিসাব, তাতে এই হার গত বছরের ডিসেম্বর শেষে এসে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৩ শতাংশে।ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, একাধিক কারণে খেলাপি ঋণ পরিস্থিতির উন্নতি হয়েছে। একটি হলো মন্দায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে এককালীন জমা ছাড়া খেলাপি ঋণ পুনঃ তফসিলের সুযোগ। আবার তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেসব ব্যবসায়ী আটক বা পলাতক হয়েছিলেন, তাঁদের খেলাপি ঋণ পুনঃ তফসিলের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়। এ ছাড়া বরাবরই বছর শেষে ঋণ আদায় পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে খেলাপি ঋণ পরিস্থিতির উন্নতি হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রান্তিক বা ত্রৈমাসিক ভিত্তিতে প্রত্যেক ব্যাংকের ঋণ শ্রেণীকরণ ও সঞ্চিতি পরিস্থিতির তথ্য নিয়ে ব্যাংক খাতের সার্বিক ঋণ পরিস্থিতির পরিসংখ্যান তৈরি করে। এতে দেশের ৪৮টি ব্যাংকের তথ্য সন্নিবেশন করা হয়। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০০৯ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৪৩ হাজার ৯৭৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ডিসেম্বর শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ৭৪৭ কোটি টাকা, যা তাদের মোট ৫৪ হাজার ৯৩২ কোটি টাকার বিতরণ করা ঋণের ২১ দশমিক ৩৮ শতাংশ। অবশ্য সঞ্চিতি বাদ দিয়ে হিসাব করলে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৮৪৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১ দশমিক ৯২ শতাংশ।অন্যদিকে সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকে মোট খেলাপি ঋণ ছিল ১১ হাজার ৯৫৪ কোটি টাকা, যা ছিল মোট বিতরণ করা ঋণের ২৩ দশমিক ৬০ শতাংশ। বেসরকারি ৩০টি ব্যাংকে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার ১৭৬ কোটি টাকা। আর এই সময়কালে বিতরণ করা ঋণের পরিমাণ এক লাখ ৫৭ হাজার ৪৭১ কোটি টাকা। ফলে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৯২ শতাংশ। তবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের দশমিক ৪৫ শতাংশ।পরিসংখ্যান অনুসারে, সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকে মোট খেলাপি ঋণ ছিল সাত হাজার ১৭৩ কোটি টাকা এবং হার ছিল ৪ দশমিক ৯৪ শতাংশ। দেশে ব্যবসারত নয়টি বিদেশি ব্যাংকে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৮ কোটি ৬৩ লাখ টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের ২ দশমিক ৫৮ শতাংশ। ২০০৯ সালের ডিসেম্বর শেষে এসে বিদেশি ব্যাংকগুলোর মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৫ হাজার ৩২৫ কোটি টাকা। অন্যদিকে সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকে মোট খেলাপি ঋণ ছিল ৩৭৫ কোটি ১৫ লাখ টাকা এবং হার ছিল ২ দশমিক ৫৮ শতাংশ। কিন্তু সঞ্চিতি বাদ দিয়ে নিট হিসাব করলে দেখা যায়, ডিসেম্বর শেষে এসে ব্যাংকগুলোর কোনো খেলাপি ঋণ নেই। তবে বিশেষায়িত ব্যাংকগুলোয় খেলাপি ঋণ পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। রাষ্ট্রীয় খাতের পাঁচটি বিশেষায়িত ব্যাংকে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ২১১ কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণ ১৬ হাজার ২৫০ কোটি টাকার ২৫ দশমিক ৯১ শতাংশ। পর্যাপ্ত সঞ্চিতির অভাবে ব্যাংকগুলোয় প্রকৃত বা নিট ঋণের হারও খুব বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দুই হাজার ৬৯৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১৮ দশমিক ৩০ শতাংশ। অবশ্য সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকে মোট খেলাপি ঋণ ছিল তিন হাজার ৯০৭ কোটি টাকা এবং হার ছিল ২৫ দশমিক ৪০ শতাংশ।