খেলাপি ঋণ কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনকে ব্যাহত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনৈতিক মন্দার পর দীর্ঘ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে বাংলাদেশের অর্থনীতি মজবুত অবস্থানে রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিও কাঙ্ক্ষিত হারে অর্জিত হচ্ছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এই হার ৮ শতাংশে উপনীত করতে বিশাল কর্মযজ্ঞের প্রয়োজন। যে জন্য পর্যাপ্ত অর্থ জোগান রাখতে হবে। যেহেতু বাংলাদেশের অর্থায়ন ব্যাংকিং খাতকেন্দ্রিক, সেহেতু এই খাতের বিপুল পরিমাণের খেলাপি ঋণ কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনকে ব্যাহত করবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় গভর্নর ফজলে কবির রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলোতে বিপুল খেলাপি ঋণে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ১০ দশমিক ৩৪ শতাংশ হলেও রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার উদ্বেগজনক। কোনো কোনো ব্যাংকে এই হার ২৫ শতাংশ অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান চার রাষ্ট্রীয় ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের অবস্থা খুবই নাজুক। একক ব্যাংক হিসেবে সোনালীর সর্বোচ্চ খেলাপি ২৭ দশমিক শূন্য ৭ শতাংশ। এরপর অগ্রণী ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ২৫ দশমিক ৬২ শতাংশ। তৃতীয় খেলাপি রূপালী ব্যাংকের ১৮ দশমিক ৭১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমির অধ্যক্ষ জামশেদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইআরএফের সভাপতি সাইফ ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও এস এম মনিরুজ্জামান, কেন্দ্রীয় ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী, সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা ফয়সাল আহমেদ, নির্বাহী পরিচালক শুভংকর সাহা, সুলতান আহম্মাদ, ইআরএফের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

গভর্নর আরও বলেন, সরকার চলতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৭ দশমিক ২ এবং আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৮ শতাংশ হারের যে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে, তার বাস্তবায়ন করতে প্রচুর টাকার জোগান প্রয়োজন। তাই শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনতে না পারলে এ বিপুল পরিমাণ অর্থের সরবরাহ দেওয়া সম্ভব হবে না।

সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন গভর্নর। তিনি বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্সের প্রবাহ ১৬ দশমিক ৯ শতাংশ কমেছে। আমরা এমন ব্যবস্থা নিতে চাইছি, যাতে ব্যাংকিং চ্যানেলের বাইরে এক টাকাও প্রবাসীরা দেশে না পাঠান।’