খেলাপি ঋণ কিছুটা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংকগুলোয় সামগ্রিকভাবে খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ হাজার কোটি টাকা। এটি মোট বিতরণকৃত ঋণের ৭ দশমিক ১৭ শতাংশ।এর আগের প্রান্তিকে বা মার্চ মাস শেষে খেলাপি ঋণ ছিল ২৫ হাজার ২৮৯ কোটি টাকা। এটি মোট বিতরণকৃত ঋণের ৬ দশমিক ৫৭ শতাংশ।আবার গত বছর শেষে অর্থাৎ ডিসেম্বরে এসে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৬৪৪ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৬ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ছয় হাজার ৩৫৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, জুন মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসহ সব উপখাতেই খেলাপি ঋণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ডিসেম্বরের তুলনায় মার্চ কিংবা জুনে খেলাপি ঋণ কিছুটা বেড়ে যায়। অন্যদিকে বছর শেষে ঋণ আদায় জোরদার থাকায় ডিসেম্বরের শেষে এসে খেলাপি ঋণ কিছুটা কমে। তবে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকিং কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি অতটা জোরদার না হওয়া, বিদ্যুৎ ও গ্যাস সংযোগের অভাবে অনেক নতুন প্রতিষ্ঠানের উৎপাদনে যেতে না পারাসহ বিভিন্ন কারণে খেলাপি ঋণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, চলতি বছরের ৩০ জুন ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৯৯ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ১৭ শতাংশ।এ সময়কালে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৭৭২ কোটি টাকা, যা তাদের মোট বিতরণকৃত ঋণের ১৩ দশমিক ৫৪ শতাংশ। গত মার্চে এদের খেলাপি ঋণ ছিল ১০ হাজার ১২০ কোটি ৪৫ লাখ টাকা, যা ওই সময়কার মোট ঋণের ১২ দশমিক ০৬ শতাংশ। বেসরকারি ৩০টি ব্যাংকে এ সময় সামগ্রিকভাবে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৫ কোটি টাকা এবং হার ৩ দশমিক ৮৪ শতাংশ। মার্চে এসব ব্যাংকে খেলাপি ঋণ ছিল আট হাজার ৭৭৮ কোটি ২৯ লাখ টাকা এবং হার ছিল ৩ দশমিক ৪৪ শতাংশ। ডিসেম্বরে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ছিল সাত হাজার ২০২ কোটি টাকা, যা ওই সময়ের মোট ঋণের ২ দশমিক ৯৫ শতাংশ। ডিসেম্বরে এসব ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল আট হাজার ১৭১ কোটি টাকা এবং হার ছিল ১১ দশমিক ২৭ শতাংশ। রাষ্ট্রীয় খাতের চারটি বিশেষায়িত ব্যাংকে জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ছয় হাজার ১৯০ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ২৩ দশমিক ৮৩ শতাংশ। গত মার্চ শেষে ছিল পাঁচ হাজার ৬৭৬ কোটি টাকা এবং হার ছিল ২৪ শতাংশ। এসব ব্যাংকে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার ৬৪৫ কোটি টাকা এবং ২৪ দশমিক ৫৫ শতাংশ।জুনে এসে বিদেশি নয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩২ কোটি টাকা এবং হার ছিল ৩ দশমিক ১৭ শতাংশ। এসব ব্যাংকে মার্চে খেলাপি ঋণ ছিল ৭১৫ কোটি টাকা এবং হার ছিল ৩ দশমিক ২০ শতাংশ। ডিসেম্বর শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৬২৬ কোটি টাকা, যা তাদের ওই সময়ের মোট ঋণের ২ দশমিক ৯৬ শতাংশ ছিল।