খেলাপি ঋণ কোনোভাবেই তিনবারের বেশি পুনঃ তফসিল করা যাবে না। আর কোনো ঋণের বিপরীতে এককালীন অর্থ পরিশোধ (ডাউন পেমেন্ট) করলেই তা স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত ঋণ হবে না। যদিও সিআইবি প্রতিবেদন নিয়ে দায়মুক্তি পেয়ে নতুন ঋণ করা যাবে। তবে এই ঋণ পৃথকভাবেই দেখা হবে।আন্তর্জাতিক মান অনুসরণে নতুনভাবে ঋণ শ্রেণীকরণের এই বিধান করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং নীতিমালায় বড় ধরনের অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে।বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক দুটি মাস্টার সার্কুলার জারি করেছে। মেয়াদোত্তীর্ণ ঋণ বিভিন্ন পর্যায়ে শ্রেণীকরণের সময়সীমাও কমিয়ে এনে তিন মাস করা হয়েছে।এখন থেকে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার তিন মাস অতিক্রান্ত হলে নিম্নমানে ঋণটি শ্রেণীকৃত হবে। ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত এই পর্যায়ে শ্রেণীকৃত থাকবে। যদি ঋণটির মেয়াদ শেষ হওয়ার পর ছয় মাসে গিয়ে ঠেকে, অর্থাৎ যদি নিম্নমান থাকার মেয়াদও শেষ হয়ে যায়, তাহলে তা সন্দেহজনক পর্যায়ে শ্রেণীকৃত হবে এবং তা নয় মাস পর্যন্ত এই পর্যায়ে থাকবে। নয় মাস পার হয়ে গেলে বা সন্দেহজনক পর্যায়ের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলে তা মন্দ ঋণে পরিণত হবে। এত দিন তা ছিল এক বছর।আবার বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়মানুসারে, বিশেষ উল্লেখ হিসাবের (এসএমএ) ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের সময়সীমাও নামিয়ে আনা হয়েছে তিন মাসের বদলে দুই মাসে।অবশ্য স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত রাখা হয়েছে।যোগাযোগ করা হলে ব্যাংকগুলোতে শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন প্রথম আলোকে বলেন, ঋণ শ্রেণীকরণ আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টাকে তাঁরা স্বাগত জানান। তবে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যদি এ বছরই এটা বাস্তবায়ন করতে যায়, তাহলে সেটা একটু দ্রুত হয়ে যায় কি না, সে বিষয়ে আমরা একটু চিন্তিত।’ তবে সার্বিকভাবে এ ধরনের উদ্যোগের প্রতি তিনি তাঁর সমর্থন ব্যক্ত করেন।ঋণ পুনঃ তফসিলীকরণ: নতুন নিয়মে ঋণ পুনঃ তফসিলীকরণের ক্ষেত্রে সব ধরনের ঋণের পুনঃ তফসিল করার মেয়াদ ও সংখ্যা সুনির্দিষ্ট করা হয়েছে। নতুন এই নীতিমালায় কোনো ঋণ সর্বোচ্চ তিনবার পুনঃ তফসিল করা যাবে। আর এই তিনবার পুনঃ তফসিলের ক্ষেত্রে কোন অবস্থায় শ্রেণীকৃত করা হয়েছে, সেটার সাপেক্ষে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।যেমন, অবিরত (কনটিনিউয়াস) ঋণের ক্ষেত্রে ঋণটি নিম্নমানে শ্রেণীকৃত থাকলে শ্রেণীকৃত হওয়ার তারিখ থেকে সর্বোচ্চ ১২ মাসের মধ্যে প্রথমবার পুনঃ তফসিলের অর্থ পরিশোধ করা যাবে। যদি ঋণটি সন্দেহজনক পর্যায়ে থাকে, তাহলে যে তারিখে শ্রেণীকৃত হলো, সেই তারিখ থেকে সর্বোচ্চ নয় মাসের মধ্যে প্রথমবার পুনঃ তফসিলের অর্থ পরিশোধ করতে হবে। আর ঋণটি মন্দ পর্যায়ে শ্রেণীকৃত হলে, ওই তারিখ থেকে ছয় মাসের মধ্যে পুনঃ তফসিল করে অর্থ পরিশোধ করতে হবে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, পুনঃ তফসিলের সময়ের মধ্যে অবশ্যই যাবতীয় মূল ও সুদ পরিশোধ করতে হবে। অর্থাৎ একটি ঋণ যদি মে মাসের ১৫ তারিখে মন্দ পর্যায়ে শ্রেণীভুক্ত হয়, তাহলে ওই তারিখ থেকে ছয় মাসের মধ্যে প্রথমবার পুনঃ তফসিল করে যাবতীয় বকেয়া পরিশোধ করতে হবে। প্রতি মাসে কিস্তির ভিত্তিতে এই ঋণ পরিশোধ করতে হবে।যদি একই ঋণের দ্বিতীয়বার পুনঃ তফসিল করতে হয়, তাহলে প্রথমবার পুনঃ তফসিলের মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে তিন মাসের মধ্যে এবং তৃতীয়বার পুনঃ তফসিলের ক্ষেত্রে দ্বিতীয়বার পুনঃ তফসিলের মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে তিন মাসের মধ্যে ঋণের মূল ও সুদ পরিশোধ করতে হবে।বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, উল্লিখিত সময়সীমা সর্বোচ্চ সময়সীমা। ব্যাংকগুলোকে যথাসম্ভব কম সময়ের মধ্যে পুনঃ তফসিল করে ঋণ আদায়ে উদ্যোগী হতে হবে।চাহিদা ঋণ (ডিমান্ড লোন) ও মেয়াদি ঋণের (টার্ম লোন) পুনঃ তফসিলের জন্যও আলাদা সর্বোচ্চ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।স্বল্পমেয়াদি কৃষিঋণ ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অবশ্য পুনঃ তফসিলের সময়ে কিছু শিথিলতা দেওয়া হয়েছে।এককালীন পরিশোধ: খেলাপি ঋণ পুনঃ তফসিলীকরণের জন্য ডাউন পেমেন্ট বা এককালীন অর্থ পরিশোধের কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে।যেমন, প্রথমবার পুনঃ তফসিল করতে গেলে বকেয়া পরিমাণের ২৫ শতাংশ অথবা মোট ঋণের ১০ শতাংশের মধ্যে যেটি বেশি, সেটি নগদ পরিশোধ সাপেক্ষে গ্রহণ করা হবে। দ্বিতীয়বার পুনঃ তফসিলের ক্ষেত্রে বকেয়া পরিমাণের ৩০ শতাংশ অথবা মোট ঋণের ২০ শতাংশের মধ্যে যেটি বেশি, সেটি নগদ পরিশোধ সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে। আর তৃতীয়বারের ক্ষেত্রে বকেয়া পরিমাণের ৫০ শতাংশ অথবা মোট ঋণের ৩০ শতাংশের মধ্যে যেটি বেশি, সেটি নগদ পরিশোধ সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে।নতুন নীতিমালা অনুসারে ব্যাংক-কোম্পানিসমূহ অশ্রেণীকৃত কোনো ঋণের সময়সীমা বা পরিশোধ সূচি বারবার পরিবর্তন করতে পারবে না। তবে জাতীয় অর্থনীতির স্বার্থে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প এবং সার আমদানিকারকদের ঋণের ক্ষেত্রে পুনঃ তফসিলীকরণের কিছু শিথিলতা রাখা হয়েছে।যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মূলত আন্তর্জাতিক মানের সঙ্গে সাযুজ্য রাখতে ঋণ শ্রেণীকরণের নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনাও উন্নত হবে এবং অনুৎপাদনশীল খাতে ব্যাংকের ঋণপ্রবাহ কমে আসবে।’