খেলাপি ঋণ থাকলে সুদহার কমানো কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাপি ঋণ কমিয়ে আনতে না পারলে ব্যাংকঋণের সুদের হার কমানো কঠিন হবে।
দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ব্যাংকার ও ব্যবসায়ীরা এমন বক্তব্য তুলে ধরেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ঢাকায় মতিঝিলের ফেডারেশন ভবনে গতকাল সোমবার এ সভার আয়োজন করে।
সভায় বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আসাদ খান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি রাশেদ শাহরিয়ার, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, জ্যেষ্ঠ সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। এফবিসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় এফবিসিসিআই সভাপতি বলেন, প্রতিযোগী বেশির ভাগ দেশেই ঋণের সুদহার বাংলাদেশের চেয়ে কম। সে জন্য তিনি বিনিয়োগের স্বার্থে ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনতে উদ্যোগ নিতে ব্যাংকারদের অনুরোধ জানান।