খেলাপি ঋণ বৃদ্ধিতে উদ্বিগ্ন কেন্দ্রীয়ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
bank
bank

খেলাপি ঋণের ক্রমাগত বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক উদ্বিগ্ন হয়ে পড়েছে। গত সেপ্টেম্বর থেকেই ব্যাংক খাতে বিরূপভাবে শ্রেণীকৃত ঋণ বাড়ছে।
ডিসেম্বরের তুলনায় মার্চে এসে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণের হার ৩ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। বেসরকারি ব্যাংকগুলোতে এ সময় শ্রেণীকৃত ঋণ বাড়ে ১ দশমিক ৬৫ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোতে বাড়ে ১ দশমিক শূন্য ৭ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকে তিন মাসে শ্রেণীকৃত ঋণ বেড়েছে দশমিক ৪০ শতাংশ।
১৬ মে দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাংকার্স বৈঠকের কার্যপত্রে এসব তথ্য মিলেছে। বৈঠকে গভর্নর আতিউর রহমানও তাঁর বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘মার্চ ২০১৩ ত্রৈমাসিকে ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমাণ ও হার কিছুটা বেড়েছে। শ্রেণীকৃত ঋণের হার বেড়ে ১১ দশমিক ৯০ শতাংশ হয়েছে, যা উদ্বেগজনক।’
কার্যপত্রে বলা হয়েছে, সরকারি ও বিশেষায়িত আট ব্যাংকের শ্রেণীকৃত ঋণের হার অত্যন্ত বেশি। এ ছাড়া বেসরকারি ৩০ ব্যাংকের মধ্যে ২৭টি ও বিদেশি নয় ব্যাংকের মধ্যে আট ব্যাংকের শ্রেণীকৃত ঋণ বিগত ত্রৈমাসিকের (সেপ্টেম্বর-ডিসেম্বর, ২০১২) তুলনায় বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক।
কার্যপত্রে শ্রেণীকৃত ঋণের হার বেশি—বেসরকারি খাতের এরূপ দেশি ও বিদেশি ১৫ শীর্ষ ব্যাংক এবং রাষ্ট্র খাতের আট ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ উল্লেখ করা হয়েছে।
গভর্নর ব্যাংকার্স বৈঠকে শ্রেণীকৃত ঋণ হ্রাস করতে শীর্ষ নির্বাহীদের আরও বেশি উদ্যোগী হতে পরামর্শ দেন।
প্রসঙ্গত, ব্যাংক খাতে গত তিন মাসে খেলাপি ঋণ বাড়ে আট হাজার ২৯৪ কোটি ৪০ লাখ টাকা বা ১ দশমিক ৮৭ শতাংশ। এর ফলে চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫১ হাজার ১৯ কোটি ৯১ লাখ টাকায়। এটি এ সময় পর্যন্ত মোট বিতরণ করা চার লাখ ২৮ হাজার ৬৯৩ কোটি ২৮ লাখ টাকা ঋণের ১১ দশমিক ৯০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের নতুন বিধান করেছে। এই বিধান গত ডিসেম্বরের হিসাব থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। বলা হচ্ছে, এতে করে কিছু ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিধান বাস্তবায়ন হওয়ায় দেশের ব্যাংক খাতের আরও একটি মানদণ্ড আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। ফলে সে ক্ষেত্রে ব্যাংকগুলোর শক্তি বৃদ্ধি পায়। কেননা, নতুন নিয়মে ব্যাংকগুলোতে মুনাফা জমা রেখে অতিরিক্ত প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে।
কিন্তু রাষ্ট্র খাতের ব্যাংকগুলোতে সাম্প্রতিক সময়ে বড় বড় জালিয়াতি ও আর্থিক কেলেঙ্কারির খবর সংবাদমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছে। এর একটা অংশ গত তিন মাসে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে খেলাপি করতে হয়েছে। আবার নতুনভাবেও কিছু ঋণ খেলাপি হয়েছে।
তার বাইরে বলা হচ্ছে, দেশে শিল্প-বাণিজ্যের কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। যেমন—রিয়েল এস্টেট খাত, জাহাজভাঙা শিল্প, আমদানি অর্থায়ন ইত্যাদি ক্ষেত্রে ঋণ আদায় হচ্ছে না। এসব খাতে বড় অঙ্কের ঋণ খেলাপি হয়ে পড়ছে। আমদানি অর্থায়নের মধ্যে বিশেষত এলটিআরের সুবিধার বড় অংশও খেলাপি হয়েছে।

শ্রেণীকৃত ঋণ (মার্চ, ২০১৩)

সরকারি ও বিশেষায়িত ব্যাংক

সোনালী ব্যাংক      ৩৪.৪৯%

জনতা ব্যাংক       ১৬.৯৪%

অগ্রণী ব্যাংক       ২৮.১৭%

রূপালী ব্যাংক       ২৬.৯৪%

বিডিবিএল          ৪৩.৭৮%

বেসিক ব্যাংক       ৯.৩৬%

বাংলাদেশ কৃষি ব্যাংক         ৩৪.৭৯%

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক   ৩৭.৯৭%

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক

আইসিবি ইসলামী ব্যাংক      ৬৩.০৫%

বাংলাদেশ কমার্স ব্যাংক       ১৩.৯৪%

উত্তরা ব্যাংক        ৮.৭৯%

যমুনা ব্যাংক        ৮.৩৬%

ব্যাংক এশিয়া       ৮.২৫%

ব্র্যাক ব্যাংক        ৮.০৬%

ইউসিবিএল         ৭.৮৭%

এক্সিম ব্যাংক       ৭.৬৭%

প্রাইম ব্যাংক        ৭.৬১%

সিটি ব্যাংক         ৭.৫২%

ঢাকা ব্যাংক         ৭.৪২%

বিদেশি ব্যাংক

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান  ২১.৪৫%

হাবিব ব্যাংক       ১৬.৪৫%

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া       ১৫.৫৬%

ব্যাংক আল-ফালাহ  ৯.১২%