খেলাপি ঋণ সর্বনাশ ডেকে এনেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মূলধন ক্রমেই কমছে। ফলে সার্বিকভাবে ব্যাংকিং মূলধন পর্যাপ্ততার অনুপাত বিগত কয়েক বছর কমছে। আবার সর্বশেষ হিসাবে সঞ্চিতি ঘাটতি রয়েছে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। এ কারণে মূলধন ঘাটতি আরও বেড়ে যাবে। এই ঘাটতি মোকাবিলা ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ। ক্রমাগত খেলাপি ঋণ বেড়ে যাওয়া ব্যাংকিং খাতের জন্য হুমকি হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ট্রেজারি অপারেশনস অব ব্যাংকস-২০১৬’ শীর্ষক এক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন, খেলাপি ঋণ ব্যাংকিং খাতে সর্বনাশ ডেকে আনছে।
বিআইবিএমের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক নেহাল আহমেদ। উপস্থিত ছিলেন বিআইবিএমের পরিচালক শাহ মো. আহসান হাবীব, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেন, দি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিনসহ সরকারি-বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মূল প্রবন্ধে বলা হয়, ২০১৬ সালে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৩ শতাংশ, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় দ্বিগুণ। পুনঃ তফসিল নীতিমালায় ছাড় দেওয়ার কারণে খেলাপি ঋণ ব্যাপক হারে বাড়ছে। ২০১৩ সালে খেলাপি ঋণ বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। ব্যাংকিং খাতের জন্য এই খেলাপি ঋণ হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কর্মশালায় বক্তারা বলেন, খেলাপি ঋণ ব্যাংকিং খাতের বর্তমান দৈন্যদশার মূল কারণ। এ খেলাপি ঋণের কারণেই সুদের হার এখনো সাধারণের নাগালের বাইরে। একই সঙ্গে ভালো ঋণগ্রহীতারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ তদারকি করতে হবে।
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন, খেলাপি ঋণ ব্যাংকিং খাতে সর্বনাশ ডেকে আনছে। এ অবস্থার উত্তরণ না হলে পুরো ব্যাংকিং খাতের জন্য চরম খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এ ধরনের ঋণের কারণে ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংকগুলো ভালো গ্রাহকদের কাছ থেকে চড়া সুদ নিচ্ছে।