খেলাপি ঋণ ৪৩ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের ব্যবধানে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ দ্বিগুণ হয়েছে। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় হল-মার্ক কেলেঙ্কারির প্রায় পুরো ঋণই এখন বিরূপভাবে শ্রেণীকৃত বা খেলাপি হয়েছে। একই শাখায় কেলেঙ্কারি করে নেওয়া আরও পাঁচ কোম্পানির ঋণের পরিস্থিতিও একই। সামগ্রিকভাবে খেলাপি ঋণ বৃদ্ধিতে এর প্রভাব সবচেয়ে বেশি।এর বাইরে বলা হচ্ছে, দেশে শিল্প-বাণিজ্যের কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। যেমন—রিয়েল এস্টেট খাত, জাহাজ ভাঙ্গাশিল্প, আমদানি অর্থায়ন ইত্যাদি ক্ষেত্রে ঋণ আদায় হচ্ছে না। এসব খাতে বড় অঙ্কের ঋণ খেলাপি হয়ে পড়েছে। আমদানি অর্থায়নের মধ্যে বিশেষত এলটিআরের সুবিধার বড় অংশও খেলাপি হয়েছে। বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের নতুন বিধান করেছে। এই বিধান গত ডিসেম্বরের হিসাব থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। এতে করেও কিছু ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রগুলো বলছে, ২ থেকে সোয়া ২ শতাংশ ঋণ নতুন বিধান বাস্তবায়ন করতে গিয়ে খেলাপি হয়েছে।তবে কেন্দ্রীয় ব্যাংকের বিধান বাস্তবায়ন হওয়ায় দেশের ব্যাংক খাতের আরও একটি মানদণ্ড আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। ফলে সে ক্ষেত্রে ব্যাংকগুলোর শক্তি বৃদ্ধি পায়। কেননা, নতুন নিয়মে ব্যাংকগুলোতে মুনাফা জমা রেখে অতিরিক্ত প্রভিশন সংরক্ষণ করতে হয়েছে।খেলাপি ঋণ ও নিরাপত্তা সঞ্চিতি-সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের সঙ্গে আগের বছরের প্রতিবেদনের তুলনায় দেখা যায় এক বছরে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮১ কোটি টাকা। অর্থাৎ ২০১১ সালের ডিসেম্বর শেষে ব্যাংকব্যবস্থায় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৬৪৪ কোটি ১৬ লাখ টাকা বা ওই সময় পর্যন্ত বিতরণ করা মোট ঋণের ৬ দশমিক ১২ শতাংশ। ২০১২ সাল শেষে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৭২৫ কোটি ৫১ লাখ টাকা বা মোট ঋণের ১০ দশমিক শূন্য ৩ শতাংশ।এ সময় রাষ্ট্রমালিকানাধীন, দেশের বেসরকারি, বিদেশি ও বিশেষায়িত সব ব্যাংকেই খেলাপি ঋণ বৃদ্ধি পায়।রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক: ২০১২ সাল শেষে রাষ্ট্রমালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের ২১ হাজার ৫১৪ কোটি ৯০ লাখ টাকা বা মোট ঋণের ২৩ দশমিক ৮৭ শতাংশ ঋণ খেলাপি হয়েছে। ২০১১ সাল শেষে এর পরিমাণ ছিল নয় হাজার ১৭০ কোটি ৭৫ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ১১ দশমিক ২৭ শতাংশ খেলাপি। এক বছর আগে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার ৭০৫ কোটি ২৩ লাখ টাকা বা ব্যাংকের বিতরণ করা ঋণের ১৭ দশমিক ৮৯ শতাংশ। আর ২০১২ সাল শেষে ব্যাংকটির ১২ হাজার ৪৫ কোটি ৬০ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৩৫ দশমিক ৪৮ ভাগ খেলাপিতে পরিণত হয়েছে।শুধু সোনালী ব্যাংক নয় জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পরিস্থিতি প্রায় একই রকম। জনতা ব্যাংকের পরিস্থিতি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে বরাবরই ভালো ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এ পরিস্থিতির বড় অবনতি হয়েছে। এক বছরে জনতা ও অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে তিন গুণের বেশি। ২০১২ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের তিন হাজার ৮৩৬ কোটি টাকা বা বিতরণ করা ঋণের ১৩ দশমিক ৮০ ভাগ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ হয়েছে চার হাজার ৬৬৩ কোটি টাকা বা বিতরণ করা ঋণের ২৩ দশমিক ৬৭ শতাংশ। আর রূপালী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ৯৬৯ কোটি বা ১১ দশমিক ১৭ শতাংশ। বেসরকারি ব্যাংক: বেসরকারি ৩০ ব্যাংকে ২০১১ সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল সাত হাজার ২০২ কোটি ১২ লাখ টাকা বা ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের ২ দশমিক ৯৫ শতাংশ। ২০১২ সাল শেষে হয়েছে ১৩ হাজার ৩৪ কোটি ৮৫ লাখ বা ৪ দশমিক ৫৮ শতাংশ খেলাপি ঋণ। বিশেষায়িত ব্যাংক: রাষ্ট্র খাতের পাঁচ বিশেষায়িত ব্যাংকে ২০১১ সাল শেষে খেলাপি ঋণ ছিল পাঁচ হাজার ৬৪৫ কোটি ২৭ লাখ টাকা বা মোট ঋণের ২৪ দশমিক ৫৫ শতাংশ। ২০১২ সাল শেষে হয়েছে সাত হাজার ৩৩০ কোটি ৪৫ লাখ বা মোট ঋণের ২৬ দশমিক ৭৭ শতাংশ।বিদেশি ব্যাংক: বিদেশি নয় ব্যাংকে ২০১১ সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬২৬ কোটি দুই লাখ টাকা বা মোট ঋণের ২ দশমিক ৯৬ শতাংশ। ২০১২ সাল শেষে তা বেড়ে হয়েছে ৮৪৫ কোটি ৩২ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৫৩ শতাংশ।