খেলাপি ঋণ ৫৭ হাজার কোটি টাকা
ব্যাংকব্যবস্থায় খেলাপি ঋণ ধারাবাহিকভাবে বাড়ছে। সর্বশেষ গত সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ৫৭ হাজার কোটি টাকার বেশি। এটি ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ৬০ শতাংশ।
পদ্মা সেতু নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংক খাতের খেলাপি ঋণ ঠিকমতো আদায় করা গেলে দুটি পদ্মা সেতু নির্মাণ করে আরও কিছু উন্নয়নকাজ করা যায়।
তিন মাস আগে গত জুন শেষে এর পরিমাণ ছিল ৫১ হাজার কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ছয় হাজার কোটি টাকা। আর গত ডিসেম্বরের তুলনায় বেড়েছে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৪০ হাজার ৫৮৩ কোটি টাকা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এক অনুষ্ঠানে বলেন, এখন ব্যাংক খাতের খেলাপি ঋণ ১০ থেকে ১১ শতাংশে নেমে এসেছে। এটা ততটা খারাপ নয়। তবে খেলাপি ঋণের হার ৮ শতাংশ হলে তিনি খুশি হতেন বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘আমরা খেলাপি সংস্কৃতি থেকে পরিত্রাণ পেয়েছি। সংবাদপত্র যদিও মাঝেমধ্যে লেখে খেলাপি ঋণ নিয়ে। তারা অবশ্য দুর্নীতির বিষয়টি তুলে ধরে।’ খেলাপি হওয়া সম্মানের জন্য হানিকর, এখন ব্যবসায়ীরা এটি মনে করেন বলে মত দেন মন্ত্রী।
সর্বশেষ ব্যাংক খাতে খেলাপি ঋণ পরিস্থিতি নিয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, খেলাপি ঋণের যে হিসাব দেওয়া হয়, তা আসলে একধরনের প্রতারণা। কেননা এর মধ্যে অবলোপন বা রাইট অফ করা ঋণের হিসাব থাকে না। অথচ অবলোপন করা ঋণের আদায় তেমন নেই এবং আদায়ের চেষ্টা করা হয় না।
মইনুল ইসলাম বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) মহাপরিচালক থাকাকালে বড় বড় কয়েকটি খেলাপি ঋণগ্রহীতার ওপর সমীক্ষা করেন। খেলাপি ঋণ বিষয়ে তাঁর অনেক কাজ রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করলে খেলাপি ঋণের পরিমাণ এর চেয়ে বেশি হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত করা ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং প্রতিবেদন অনুসারে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ হয়েছে চার লাখ ৯৩ হাজার কোটি টাকার বেশি। আগের প্রান্তিকে অর্থাৎ গত জুন শেষে মোট ঋণের পরিমাণ ছিল চার লাখ ৭৭ হাজার ৪৩৭ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রগুলো বলছে, ২০১৩ সালের দ্বিতীয়ার্ধে দেশে রাজনৈতিক অসন্তোষ হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কেস টু কেস বা প্রতিটি ক্ষেত্রে পৃথক বিশ্লেষণ করে ঋণ পুনঃ তফসিলে বিশেষ সুবিধা দেওয়া হয়। এ সময় এককালীন জমা বা ডাউনপেমেন্টের শর্ত শিথিল করা হয়েছিল। যদিও কেস টু কেস আর থাকেনি। পুরোনো খেলাপিরাও সুযোগ নিয়ে ঢালাওভাবেই খেলাপি ঋণ পুনঃ তফসিল করে। বলা হচ্ছে এখন আবার সেসব ঋণ খেলাপি হয়ে পড়ছে।
খেলাপির শর্ত শিথিল করায় গত ডিসেম্বর শেষে আগের প্রান্তিকের অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় খেলাপি ঋণ ১৬ হাজার ১৩৭ কাটি টাকা কমে যায়। তখন খেলাপি ঋণ নেমে আসে ৪০ হাজার ৫৮৩ কোটি টাকায়।