ঋণ শ্রেণীকরণ অর্থাৎ খেলাপি ঋণবিষয়ক নীতিমালায় সামান্য সংশোধনী এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এই নীতিমালা কিছুটা শিথিল করা হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এই সংশোধনী অনুসারে স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণের পাশাপাশি ১০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি ঋণও মেয়াদোত্তীর্ণের ছয় মাস পর নিম্নমান শ্রেণীভুক্ত হিসেবে বিবেচিত হবে। অবশিষ্ট ক্ষেত্রে আগের প্রজ্ঞাপন অনুসারে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণের পর তিন মাস পার হলেই তা নিম্নমান শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি ঋণের ক্ষেত্রে ছয় মাস কিস্তি খেলাপি হলে তা নিম্নমান বিবেচনা করা হবে। তবে এই ঋণের ক্ষেত্রে নিম্নমান শ্রেণীকে খেলাপি ঋণ হিসেবে বিবেচনা করা হবে। এ ছাড়া নয় মাস পার হলে তা সন্দেহজনক এবং ১২ মাস পার হলে তাকে মন্দ বা ক্ষতিজনক মানে বিবেচনা করা হবে। ব্যাংক কোম্পানি আইনের ৫(গগ) ধারা অনুযায়ী, কোনো ঋণ ছয় মাস মেয়াদোত্তীর্ণ হলে তা খেলাপি বিবেচনা করার বিধান রয়েছে।ঋণ শ্রেণীকরণের তিনটি পর্যায় রয়েছে। তা হলো নিম্নমান, সন্দেহজনক এবং মন্দ বা ক্ষতি। এই তিনটি পর্যায় বিবেচনায় নিয়ে ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে হয়। চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে এক প্রজ্ঞাপনে এ তিনটি ক্ষেত্রে তিন মাস করে কমিয়ে আনা হয়। এতে করে তিন থেকে ছয় মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ ঋণকে নিম্নমান, ছয় থেকে নয় মাসের মধ্যে হলে সন্দেহজনক এবং নয় মাসের বেশি হলে তাকে মন্দ বা ক্ষতি মানে বিবেচনা করার নির্দেশ জারি করা হয়। চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন এই নীতিমালা কার্যকর করা হয়।তবে এই নীতিমালার কিছু বিষয় পরিবর্তন করতে এবং বাস্তবায়নে সময় বাড়াতে বিভিন্ন ব্যাংক ও বাণিজ্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়ে আসছিল। বিশেষ করে এসএমই খাতের ঋণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করতে বলা হচ্ছিল। তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক এই পরিবর্তন এনেছে।