খেলাপি ঋণের সংজ্ঞায় কোনো পরিবর্তন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাপি ঋণের সংজ্ঞায় কোনো পরিবর্তন আসেনি। আগে যেমনভাবে কোনো ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ছয় মাস পর খেলাপি হতো, এখনো একই সময় পর ঋণখেলাপি হবে।বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক স্পষ্টীকরণ নির্দেশনায় এ কথা বলেছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংক কোম্পানি আইনের ধারার উদ্দেশ্য পূরণকল্পে খেলাপি ঋণগ্রহীতার সংজ্ঞার কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ মেয়াদোত্তীর্ণের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সংশ্লিষ্ট ঋণগ্রহীতা খেলাপি ঋণগ্রহীতা হিসেবে বিবেচিত হবে।প্রসঙ্গত, আগে ঋণ শ্রেণীকরণের পর্যায়ে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণের ছয় মাস পর নিম্নমান হয়ে খেলাপি হতো। সে ক্ষেত্রে ঋণগ্রহীতা খেলাপি থাকা অবস্থায় নতুন ঋণ পেতেন না। এখন মেয়াদোত্তীর্ণের তিন মাস পর ঋণটি নিম্নমান পর্যায়ে শ্রেণীকৃত হবে, তবে এ পর্যায়ে গ্রহীতা ঋণসুবিধা ঠিকই পাবেন।মেয়াদোত্তীর্ণের ছয় মাস পর সন্দেহজনক পর্যায়ে পৌঁছলে তখন আর গ্রাহক অন্য ঋণসুবিধা পাবেন না। সে ক্ষেত্রে তাঁকে ঋণটি পুনঃ তফসিল করতে হবে। ফলে গ্রহীতার দিক থেকে ঋণখেলাপের সংজ্ঞার কার্যকারিতা একই রয়েছে।উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৫(গগ) ধারায় বলা হয়েছে, ‘খেলাপি ঋণ গ্রহীতা অর্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাহার নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত অগ্রীম, ঋণ বা উহার অংশ বা উহার উপর অর্জিত সুদ বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত সংজ্ঞা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাস অতিবাহিত হইয়াছেঃ...’। বাংলাদেশ ব্যাংক বলেছে, নতুন নীতিমালাতেও এই একই শর্ত বলবৎ রয়েছে।এর ফলে কোনো চলমান, তলবি ও মেয়াদি (১০ লাখ টাকার ঊর্ধ্বে) ঋণ নিম্নমানে শ্রেণীকৃত হলেও গ্রাহক খেলাপি ঋণগ্রহীতা হিসাবে চিহ্নিত হবেন না।কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ডে উন্নয়ন, ঋণ-ঝুঁকি হ্রাস করা ও ঋণ শৃঙ্খলা জোরদার করতে শ্রেণীকরণের সময়কালে কিছু পরিবর্তন এনেছে মাত্র।