খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বের হতে হবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় খেলাপি ঋণের সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বড় ঋণ প্রদানের হার কমিয়ে আনতে হবে। এ জন্য বড় ধরনের ঋণ না দিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করতে হবে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৬ প্রকাশ অনুষ্ঠানে গভর্নর এসব মন্তব্য করেন।
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, এস এম মনিরুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খানসহ বিভিন্ন ব্যাংকের নির্বাহীরা। অনুষ্ঠানে উপস্থিত সবাই বড় ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ দেন।
ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৬তে দেখা গেছে, ব্যাংক খাতের মোট ঋণের সাড়ে ১০ শতাংশ একবারই পুনঃতফসিল করা হয়েছে। খেলাপি ঋণের শীর্ষে রয়েছে বাণিজ্যিক ঋণ। বাণিজ্যিক ঋণে খেলাপি ঋণের পরিমাণ ২৩ শতাংশ। পোশাক খাতে খেলাপি ঋণের পরিমাণ ১২ শতাংশ। এ ছাড়া অন্যান্য বড় ঋণের খেলাপি ১০ শতাংশ।
এর আগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত বাণিজ্যিক খাতে ঋণ গেছে ১ লাখ ২১৭ কোটি টাকা; এর মধ্যে খেলাপি ছিল ৮ হাজার ৫০০ কোটি টাকা। কৃষি খাতের ২৮ হাজার ২১ কোটির মধ্যে খেলাপি হয় ৪ হাজার ৬ কোটি টাকা। পোশাক খাতের ৭৩ হাজার ৭৫৩ কোটি টাকার মধ্যে ৬ হাজার ১০৩ কোটি টাকা খেলাপি হয়।