খেলাপি কমলে সুদ কমবে
খেলাপি ঋণ ব্যাংকঋণের উচ্চ সুদহারের অন্যতম কারণ। এই খেলাপি ঋণকে সহনীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নামিয়ে আনতে পারলে অন্তত ২ শতাংশ সুদহার কমবে।
ঋণের উচ্চ সুদের আরেকটি বড় কারণ উচ্চ মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি কমাতে অর্থসরবরাহ কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও খুব একটা কমেনি। ফলে কমছে না সুদহার।
এমনিতে ব্যাংক খাতের খেলাপি ঋণ আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশ্বব্যাংক গত বৃহস্পতিবার বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, খেলাপি ঋণ বাড়ায় দেশের ব্যাংকিং খাত আরও চাপের মধ্যে পড়ছে, ব্যাংকের মৌল সূচকগুলো আরও খারাপের দিকে যাচ্ছে।
বহুজাতিক দাতা সংস্থাটি আরও বলেছে, একের পর এক আর্থিক কেলেঙ্কারির কারণে এমনিতেই রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন বেসরকারি ব্যাংকেও খেলাপি ঋণ উদ্বেগজনকভাবে বাড়ছে। সামগ্রিকভাবে ব্যাংক খাতের ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনার মান অসন্তোষজনক।
যোগাযোগ করা হলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তাঁদের শিল্প খাতটি অনেক বেশি মূলধননির্ভর। তাঁদের প্রধান সমস্যার মধ্যে রয়েছে দুর্বল অবকাঠামো আর সুদের হার। তিনি বলেন, ‘ব্যাংকগুলোতে অনেক টাকা থাকতে পারে। কিন্তু সেই টাকা নিয়ে উচ্চ সুদ দিয়ে আমাদের পক্ষে ব্যবসা লাভজনক করা সম্ভব নয়।’ তিনি দাবি করেন, নিদেনপক্ষে একক অঙ্কে না হলেও সুদের হার ১০ শতাংশ হওয়া দরকার।
খেলাপি ঋণের প্রভাব: দ্বিতীয় প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের ২০১২ সালভিত্তিক মোট বিতরণ করা ঋণের পরিমাণ আট হাজার কোটি টাকা। ব্যাংকটির শ্রেণীকৃত ঋণের পরিমাণ ৯০০ কোটি টাকা বা ১১ দশমিক ২৫ শতাংশ। ব্যাংকটি ওই বছরে ঋণ দিয়ে এক হাজার ৩০০ কোটি টাকা সুদ আয় করেছে। অর্থাৎ ঋণ খাতে ব্যাংকের গড় আয় (ঈল্ড) হয়েছে ১৫ শতাংশ।
যদি ব্যাংকটির খেলাপি ঋণ ২০০ কোটি টাকা বা ২ দশমিক ৫০ শতাংশ হতো, এ ক্ষেত্রেও সুদ আয় হতো এক হাজার ৩০০ কোটি টাকা। সে ক্ষেত্রে গড় আয় হতো ১৬ দশমিক ২৫ শতাংশ।
এতে ব্যাংকটি আয় একই রেখেও তাদের সুদ (১৬.২৫-১৫) ১ দশমিক ২৫ শতাংশ কমাতে পারত। এখন ব্যাংকটির গড় সুদহার ১৪ দশমিক ৯ শতাংশ। ১ দশমিক ২৫ শতাংশ কমানো গেলে তা হতো ১৩ দশমিক ৬৫ শতাংশ। তাতে করপোরেট গ্রাহকের ঋণের সুদহার আরও কিছুটা কমে ১১-এর নিচে চলে আসত বলে মনে করে ব্যাংক কর্তৃপক্ষ।
সামগ্রিক ব্যাংক খাতে এটা তুলনা করলে দাঁড়ায়, গত বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫৬ হাজার ৭২০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১২ দশমিক ৭৯ শতাংশ। রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং বিদেশি ব্যাংকগুলোর তহবিল ব্যয় ভিন্ন ভিন্ন। মুনাফা, খেলাপি ঋণ পরিস্থিতি, প্রশাসনিক ব্যয়—সব বিবেচনা ধরেও বলা যায়, শুধু খেলাপি ঋণ সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারলেই অন্তত ২ শতাংশ সুদ কমানো সম্ভব। তবে ২০১৩ সালের হিসাবে খেলাপি ঋণ কিছুটা কমেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীদের চাপে পুনঃ তফসিলের নীতিমালায় ছাড় দেওয়ার সুযোগে পুরোনো খেলাপিরা সুযোগটি নিয়ে ঋণ নিয়মিত করে নিয়েছে।
বাংলাদেশে প্রায় ১৩ শতাংশ খেলাপি ঋণ হলেও প্রতিযোগী ভারত, চীন, থাইল্যান্ড প্রভৃতি দেশে এর পরিমাণ ৩ শতাংশের মতো।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান প্রথম আলোকে বলেন, সুদের হার কিছুটা কমেছে। তবে যতটা ভাবা হয়েছিল, ততটা কমেনি। এর প্রধান কারণ, খেলাপি ঋণ। খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোকে বেশি পরিমাণে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) করতে হচ্ছে বলেই সুদের হার কমানো যাচ্ছে না।
মূল্যস্ফীতি: দৃশ্যমান (নমিনাল) বা সাধারণভাবে গ্রাহক ঋণের যে সুদহার দেখছে, তা বেশি মনে হলেও রিয়েল বা প্রকৃত মূল্যস্ফীতি বাদ দিলে প্রকৃত সুদহার অত বেশি নয়।
বিশ্বব্যাংকের ২০১২ সাল পর্যন্ত তথ্য অনুসারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ঋণের সুদহারে খুব বেশি ব্যবধান নেই। ভারতের প্রকৃত সুদের হার সবচেয়ে কম। কারণ, সেখানে মূল্যস্ফীতির হার বেশি। সাধারণভাবে দেখা যায় যখন মূল্যস্ফীতি কম থাকে, তখন প্রকৃত সুদহারের গতি ঊর্ধ্বমুখী থাকে। আর যখন মূল্যস্ফীতির হার বাড়তে থাকে, তখন প্রকৃত সুদের হার নিম্নধারাতেই থাকে।
বিশ্লেষণে দেখা যায়, গত ১০ বছরের ভারিত গড়ে (ওয়েটেড এভারেজ, ২০০৩ থেকে ’১৩) ব্যাংকঋণের প্রকৃত সুদ রয়েছে ৪ দশমিক ৫৩ শতাংশ। একই সময়ে আমানতের প্রকৃত সুদ ঋণাত্মক (-) শূন্য দশমিক ৭২ শতাংশ।
২০১২-১৩ অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় আমানতের প্রকৃত গড় সুদ খানিকটা বেড়ে হয়েছে ১ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে ঋণের সুদহার সামান্য বেড়ে হয়েছে ৬ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে ভারিত গড়ে ঋণের দৃশ্যমান সুদ ছিল ১৩ দশমিক ৬৭ শতাংশ। আর আমানতের দৃশ্যমান সুদহার ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। গত অর্থবছরে মূল্যস্ফীতির বার্ষিক হার ছিল ৭ দশমিক ৭০ শতাংশ।
ব্যতিক্রম ছাড়া সরকার ও বাংলাদেশ ব্যাংকের নানা পদক্ষেপের মধ্যেই মূল্যস্ফীতি কমানোর সুযোগ রয়েছে। বিভিন্ন সময় বিশেষত কর পুনর্নির্ধারণ ও মুদ্রানীতির মাধ্যমে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে কিছু পদক্ষেপ নিতেও দেখা যায়। তবে অর্থনীতির বিশ্লেষকদের মধ্যে এসব পদক্ষেপ নিয়ে বিস্তর মতপার্থক্য আছে।
মুদ্রানীতি দিয়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যে স্বল্পকালীন সময়ে প্রভাব রাখা গেলেও খাদ্যপণ্যে যায় না। আর বর্তমানে মুদ্রানীতি প্রণয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বড় প্রভাব রয়েছে। বিতর্ক আছে এসব সংস্থা দেশীয় বাস্তবতা বিবেচনা করে, নাকি শুধু আন্তর্জাতিক মান অনুসরণ করে।
এ ছাড়া ব্যাংক খাতে বর্তমানে কোম্পানি কর সাড়ে ৪২ শতাংশ, যা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বাধিক। এর কারণেও সুদহারে প্রভাব পড়ে।
অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর সামগ্রিক বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের ব্যাংকঋণের প্রকৃত সুদহার প্রতিযোগী দেশগুলোর মতোই রয়েছে। বরং আমি বলব, এ ক্ষেত্রে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা আমানতের প্রকৃত সুদহার ১০ বছরের ভারিত গড়ে ঋণাত্মক হয়ে গেছে। আমানতকারীদের কিছু অন্তত দেওয়া উচিত।’
* সুদের হারসংক্রান্ত বাকি তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন কাল থেকে পড়ুন ‘অর্থ ও বাণিজ্য’ পাতায়