খেলাপি মদ ব্যবসায়ীকে নিয়ে কংগ্রেস ও বিজেপির বাদানুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় মালিয়া l ছবি: এএফপি
বিজয় মালিয়া l ছবি: এএফপি

দেশ ছেড়ে চলে যাওয়ার পর ভারতীয় মদ ব্যবসায়ী বিজয় মালিয়াকে নিয়ে শুরু হলো রাজনৈতিক বাদানুবাদ। কংগ্রেসের অভিযোগ, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা এই ব্যবসায়ীকে দেশ ছেড়ে চলে যেতে বিজেপির সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি বিজেপির অভিযোগ, এই ব্যবসায়ীকে ঋণ দেওয়া হয়েছিল কংগ্রেস আমলে। সেই টাকা উদ্ধারে কংগ্রেস কোনো উদ্যোগ নেয়নি। ২ মার্চ বিজয় মালিয়া দেশ ছেড়ে লন্ডন চলে যান।
মদ ব্যবসায়ী বিজয় মালিয়া ২০০৫ সালে কিংফিশার এয়ারলাইনস শুরু করেন। বেসরকারি এই বিমান সংস্থার জন্য দেশের বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক দফায় দফায় ঋণ দেয়। কিন্তু কিংফিশার কোম্পানি কখনো সেই ঋণ শোধ করতে পারেনি। শুধু তাই নয়, সংস্থার কর্মীদেরও বেতন বকেয়া থেকে যায়। আর্থিক সংকটে ভুগতে থাকা সংস্থাকে বাঁচাতে শেষ পর্যন্ত নতুন করে ঋণ দেওয়া হলেও কোম্পানি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়। বন্ধ হয়ে যায় কিংফিশার এয়ারলাইনস।
বিমান সংস্থা বন্ধ, কর্মীদেরও বেতন নেই, ব্যাংকের ঋণ শোধ হচ্ছে না, অথচ বিজয় মালিয়ার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। তিনি সুন্দরীদের নিয়ে ক্যালেন্ডার তৈরি করতে থাকেন, কোটি কোটি টাকা খরচ করে জন্মদিনের পার্টি দেন। এই অবস্থায় দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সক্রিয় হয়। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া তাঁকে ‘ইচ্ছাকৃত দেউলিয়া’ ঘোষণা করে। দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রায় সাত হাজার কোটি রুপি অনাদায়ি রয়ে গেছে। শেষ পর্যন্ত মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সেখানেও দেখা যায় বহু সম্পত্তির অংশবিশেষ ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে। কী করে অনাদায়ি ঋণ আদায় করা যায়, তার আইনি প্রক্রিয়া নিয়ে সরকার চিন্তাভাবনা শুরু করেছে। এই অবস্থায় ব্যাংকগুলো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, যাতে বিজয় মালিয়া দেশ ছেড়ে চলে যেতে না পারেন। অথচ ২ মার্চেই তিনি দেশ ছেড়ে লন্ডন চলে যান।
সংসদের বাইরে রাহুল গান্ধী ও সংসদের ভেতরে কংগ্রেসের নেতারা এই বিষয়টা নিয়েই সরকারের সমালোচনা করেন। রাহুল বলেন, মালিয়ার চলে যাওয়া সরকারের ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ (কালোটাকা সাদা করার কর্মসূচি) প্রকল্পের অঙ্গ। রাজ্যসভায় গোলাম নবী আজাদ বলেন, এত দিন ধরে তদন্ত চালানো হচ্ছে, তবু কেন তাঁকে আটকানো হলো না? কেন তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হলো না? দেখা যাচ্ছে, ললিত মোদির দেশত্যাগ থেকে সরকার কোনো শিক্ষাই নেয়নি।
অর্থমন্ত্রী অরুণ জেটলি কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে বলেন, তাদের আমলেই এই ব্যক্তির রমরমা শুরু। ব্যাংকের ঋণও ওই আমলেই। অথচ সরকার ঋণ আদায়ে কোনো ব্যবস্থা নেয়নি। জেটলি বলেন, অনাদায়ি ঋণের প্রতিটি পয়সাই আদায় করা হবে। সে জন্য বিজয় মালিয়ার সব সম্পত্তি ক্রোক করা হবে।
ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অনাদায়ি ঋণের পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে। বিজেপির সাবেক মন্ত্রী প্রবীণ মুরলি মনোহর যোশির আশঙ্কা, যেভাবে চলছে তাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট অনাদায়ি ঋণের পরিমাণ খুব শিগগির ৮ থেকে ১০ লাখ কোটি রুপিতে পৌঁছাবে।