খেলাপি হয়ে পড়ছে অনিয়মের ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাপি হতে শুরু করেছে অনিয়মের মাধ্যমে দেওয়া ঋণ। মাত্র তিন মাসেই (এপ্রিল-জুন) নতুন কয়েকটি ব্যাংকের খেলাপি ঋণ দ্বিগুণ থেকে তিন গুণ বেড়েছে। যাত্রার চার বছরের মধ্যেই নতুন অনুমোদন পাওয়া ফারমার্স ব্যাংকের খেলাপি ঋণ ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) খেলাপি ঋণও ২০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।

এ সময়ে পুরোনো কয়েকটি ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে আশঙ্কাজনক হারে। সরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সোনালী ও রূপালী ব্যাংকের অবস্থাও একই। ব্যাংকগুলোর জুনভিত্তিক খেলাপি ঋণের তথ্য বিশ্লেষণে এসব চিত্র পাওয়া গেছে।

খেলাপি ঋণের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ তিন মাসে বেড়েছে ৬৫৯ কোটি টাকা। ব্যাংকটির বিভিন্ন অনিয়মের মাধ্যমে দেওয়া ঋণ ক্রমেই খেলাপি হয়ে পড়ছে। এ ছাড়া সুবিধাভোগী পরিচালকেরাও ঋণ শোধ করছেন না। বাংলাদেশ ব্যাংক থেকেও বেশ কিছু ঋণখেলাপি করে দেওয়া হয়েছে। পর্যবেক্ষক থাকার পরও বেসরকারি খাতের এ ব্যাংকটিতে অনিয়ম বন্ধ হচ্ছে না।

পূবালী ব্যাংকের খেলাপি ঋণ গত তিন মাসে বেড়েছে ৬৫৭ কোটি টাকা। ঋণ আদায় না হওয়ায় কেয়া গ্রুপের প্রায় ৬০০ কোটি টাকা খেলাপির তালিকায় যুক্ত হয়েছে।

এ বিষয়ে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ হালিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কেয়া গ্রুপের ঋণ শ্রেণিকৃত করায় খেলাপি ঋণ বেড়েছে। তারা ঋণখেলাপি না দেখাতে রিট করেছিল, তা-ও খারিজ হয়েছে। ঋণ আদায়ে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।’

এপ্রিল থেকে জুন এ তিন মাসে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ১৮৯ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকের ৩২৬ কোটি টাকা, ঢাকা ব্যাংকের ১২৮ কোটি টাকা, ইসলামী ব্যাংকের ৩২৬ কোটি টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭৬ কোটি টাকা।

আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারওয়ার প্রথম আলোকে বলেন, বড় একটা-দুটো হিসাব খেলাপি হয়ে পড়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পোশাক খাতের অনেক ব্যবসায়ী ভালো করছেন না। আবার ভালো হয়ে গেলে পরের প্রান্তিকেই এসব ঋণ নিয়মিত হয়ে যাবে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি মামুন-উর-রশিদ বলেন, ব্যবসায়ীরা বলছেন ব্যবসা ভালো যাচ্ছে না। এ কারণে তাঁরা ঋণ শোধ করছেন না। তাঁদের কিস্তি খেলাপি হয়ে পড়ায় খেলাপি ঋণ বেড়ে গেছে।

চার বছর আগে অনুমোদন পাওয়া নতুন কয়েকটি ব্যাংকের অবস্থা খুবই নাজুক। এ অল্প সময়ের মধ্যে এনআরবিসির খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১৯১ কোটি টাকা, ফারমার্স ব্যাংকের ৩০৬ কোটি টাকা। নতুন এ দুটি ব্যাংকেই অনিয়মের জন্য পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপরও অনিয়ম থামছে না, এতে বাড়ছে খেলাপি ঋণ।

বাংলাদেশ ব্যাংকের তদন্তে ২০১৬ সালেই এনআরবিসিতে ৭০১ কোটি টাকার ঋণে গুরুতর অনিয়মের তথ্য বেরিয়ে আসে। ওই সময়ে বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ব্যাংক চালাতে ব্যর্থ হয়েছে ফরাছত আলীর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। আর এমডি দেওয়ান মুজিবুর রহমান ব্যর্থ হয়েছেন ব্যাংকটিতে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে। এমনকি তাঁরা গুরুতর প্রতারণা ও জালিয়াতি করেছেন, যা ফৌজদারি আইন অনুযায়ী দণ্ডনীয়। বর্তমানে এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

তিন মাসেই এনআরবি গ্লোবাল ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৬৩ কোটি, মিডল্যান্ড ব্যাংকের ৩২ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের ১৬ কোটি টাকা, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ১১ কোটি।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ তিন মাসে ১০ হাজার ৬২৮ কোটি টাকা থেকে বের হয়েছে ১১ হাজার ৪২১ কোটি টাকা। রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ৪ হাজার ২৬৪ কোটি থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ৭৫৯ কোটি টাকা।

ফলে গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৭৪ হাজার ১৪৮ কোটি টাকা। এর সঙ্গে আরও ৪৫ হাজার কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে।

এদিকে গত জুন শেষে দেশের ছয়টি ব্যাংক নিরাপত্তা সঞ্চিতি রাখতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে বেসিক ব্যাংকের ঘাটতি ৩ হাজার ৮০ কোটি টাকা, রূপালী ব্যাংকের ঘাটতি ১ হাজার ৪৭৩ কোটি টাকা, সোনালী ব্যাংকের ২ হাজার ৮০৯ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৬৯ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকের ৭২৬ কোটি টাকা ও প্রিমিয়ার ব্যাংকের ১৭৫ কোটি টাকা।