খেলোয়াড়দের 'কর দূত' করতে চায় এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান ছক্কা মারছেন, চার মারছেন। স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা হর্ষধ্বনি দিয়ে উল্লাস প্রকাশ করছেন। টিভির পর্দায় সাকিব আল হাসানকে দেখানো হচ্ছে। তাঁর জার্সিতে মূল্য সংযোজন কর (মূসক) ও কর দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগান লেখা। সাকিবের মতো তারকা খেলোয়াড়দের জার্সিতে এমন আহ্বানে করদাতারা উদ্ভূত হবেন—এটাই প্রত্যাশা। এমন প্রত্যাশা থেকে কর আদায়ে প্রচার-প্রচারণা চালাতে চায় এনবিআর। আর জাতীয় দলের খেলোয়াড়দের ‘কর দূত’ বানাতে চায় এনবিআর। এমন ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে এনবিআর।
এনবিআর সূত্রে জানা গেছে, ক্রিকেটের জাতীয় দলই প্রচারণায় প্রাধান্য পাবে। তবে ফুটবল, হকি, শ্যুটিংসহ অন্য খেলার জাতীয় দলকেও বিবেচনায় রাখবে এনবিআর।
কর প্রদানে উদ্বুদ্ধকরণ কৌশল নিয়ে গত এপ্রিল মাসে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অন্যান্য প্রস্তাবের পাশাপাশি প্রথমে জাতীয় দলের খেলোয়াড়দের কর দূত করার প্রস্তাব আসে।
এ বিষয়ে জানতে চাইলে মূসক অনলাইন প্রকল্পের পরিচালক রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, জাতীয় দলের খেলোয়াড়েরা এ দেশে সেলিব্রেটি। তাদের কর দূত বিষয়টি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী সপ্তাহ থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করব।
এ ছাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও কর সচেতনতা বৃদ্ধির চিন্তাভাবনা করা হচ্ছে। এ জন্য ইসলামিক ফাউন্ডেশন যখন ইমাম ও মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেবে তখন কর সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে।