গুদামে জায়গা না থাকায় জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার (জেএফসিএল) ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। বৃষ্টিতে ভিজে এসব সার নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যমুনা সার কারখানা সূত্রে জানা গেছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) এ কারখানাকে চার লাখ টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়। সে অনুযায়ী উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ। গত রোববার বিকেল পর্যন্ত কারখানায় ৩ লাখ ৭৬ হাজার টন সার উৎপাদিত হয়েছে।
কারখানা সূত্র বলছে, এখন কারখানায় ৭১ হাজার টন সারের মজুত জমেছে। এর মধ্যে ১১ হাজার ৮০০ টন সার বস্তায় ভরে গুদামে রাখা হয়েছে। ৩০ হাজার টন সার খোলা অবস্থায় একত্রে (বাল্ক) রাখা হয়েছে। আর জায়গা সংকুলান না হওয়ায় বাকি ৪০ হাজার টন সার কারখানা এলাকার বিভিন্ন সড়কে খোলা আকাশের নিচে রাখা হয়েছে।
এসব বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কারখানার গুদামে জায়গা না থাকায় ৪০ হাজার টন ইউরিয়া সার কারখানার ভেতরে ও আবাসিক এলাকায় খোলা আকাশের নিচে রাখা হয়েছে।