খোলা পাম তেলের দাম কমল লিটারে ৩ টাকা
এবার খোলা পাম তেলের দাম কমল লিটারে তিন টাকা। গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রতি লিটার খোলা পাম তেলের দাম ছিল ১৩৩ টাকা। ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে খোলা পাম তেল বিক্রি হবে প্রতি লিটার ১৩০ টাকায়। অ্যাসোসিয়েশন আজ এ বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রণালয়কেও পাঠিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পবিত্র রমজান মাস সামনে রেখে এ দাম কমানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’
এর আগে গত রোববার এক লিটারের বোতলজাত সয়াবিন তেল আট টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম সাত টাকা কমানো হয়েছে। খুচরা পর্যায়ে নতুন দর কার্যকর হয়নি এখনো। ওই দিন অবশ্য বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের জানিয়েছিলেন, নতুন দর কার্যকর হবে পাঁচ-ছয় দিন পর।
আন্তর্জাতিক বাজারের কথা বলে গত এক বছরে ভোজ্যতেল ব্যবসায়ীরা কয়েক দফা দাম বাড়িয়েছেন। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা বেঁধে দেওয়া হয়েছিল। এরপর ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিনের দাম ১৭৯ টাকা নির্ধারণ করার জন্য চাপ দিয়ে আসছিলেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এরপর ভোজ্যতেলে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করে আসছিল বাণিজ্য মন্ত্রণালয়। এনবিআর প্রথম দফায় ১৪ মার্চ পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ও ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে।
আপত্তি ওঠায় একই দিন আমদানি পর্যায়েও ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এনবিআরে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। দুই দিনের মাথায় ১৬ মার্চ আমদানি পর্যায়ের নির্ধারিত ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে এনবিআর।
তিন ধাপে ভ্যাট কমানোর প্রভাব কী হবে, এমন প্রশ্নে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের মধ্যে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ও এস আলম গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যসচিব। বৈঠক শেষে জানানো হয়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম কমানো হয়েছে সাত থেকে আট টাকা।
বাণিজ্যসচিব ওই দিন বলেন, পাম তেলের দাম এখনো নির্ধারণ করা যায়নি। এ নিয়ে কিছু হিসাব-নিকাশ বাকি আছে। ওই হিসাব শেষ করে আজ পাম তেলের দাম কমানো হয় লিটারে তিন টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা আছে। এর মধ্যে রমজান মাসের চাহিদা তিন লাখ টনের কাছাকাছি। স্থানীয় পর্যায়ে উৎপাদন হয় ২ লাখ টন, বাকি ১৮ লাখ টনই আমদানি করতে হয়।
বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও আমদানিকারকদের তথ্যানুযায়ী, বাংলাদেশ এখন ইন্দোনেশিয়া থেকে বেশি পাম তেল আমদানি করে। মোট আমদানির ৮৫ শতাংশ আসে সে দেশ থেকে। বাকিটা আসে মালয়েশিয়া থেকে। ২০২১ সালে ১৩ লাখ ৮৮ হাজার টন পাম তেল আমদানি হয়েছে।
জানা গেছে, সয়াবিন তেলের দ্বিগুণ আমদানি হয় পাম তেল। সয়াবিন তেল রান্নায় ব্যবহার করা হলেও পাম তেল রান্নার পাশাপাশি বেকারির বিস্কুট, কেকসহ নানা খাবার তৈরি এবং সাবান, লোশনসহ প্রসাধন পণ্য তৈরিতে ব্যবহার করা হয়।
বাংলাদেশে একসময় মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের (এমপিওসি) কার্যালয় ছিল। গত বছর এ কার্যালয় বন্ধ করে ভারতে চলে যায় তারা।
এদিকে সয়াবিনের ভ্যাট কমানোর সাত দিনের মাথায়ও প্রজ্ঞাপন কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের অর্থ ও হিসাব বিভাগের প্রধান দিদার মোহাম্মদ দবিরুল ইসলাম আজ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমরা নতুন দাম কার্যকর করেছি কিন্তু বন্ডে থাকা পণ্য ছাড় করতে গিয়ে দেখা যাচ্ছে, কাস্টমস আগের ভ্যাটই দাবি করছে।’ এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রীর শরণাপন্ন হবেন বলে জানান তিনি।