খোলাবাজারে ডলার ৮৩ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ডলারের বাজার অস্থির করে তুলেছেন ব্যবসায়ীরা। রাজধানীর মতিঝিল ও গুলশানের খোলাবাজারে প্রতি ডলার ৮৩ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মানি এক্সচেঞ্জ হাউসগুলোতেও ডলারের মূল্য ৮৩ টাকার কাছাকাছি পৌঁছেছে। হজ মৌসুম ঘিরে কৃত্রিম সংকট সৃষ্টি করে ডলারের মূল্য বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
পাশাপাশি ব্যাংকগুলোতেও ডলারের নগদ বিক্রয় মূল্য কিছুটা বেড়েছে। রেমিট্যান্স কমার ফলে ডলারের দাম বেড়েছে বলে মনে করছেন কেউ কেউ। তবে ঋণপত্র খোলার ক্ষেত্রে ডলারের দামে কোনো পরিবর্তন হয়নি।
গুলশান ও মতিঝিলের খোলাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৮২ টাকা ৫০ পয়সায় বিক্রি হলেও গতকাল তা ৮৩ টাকা পর্যন্ত উঠেছে। ক্রেতাদের মধ্যে বেশির ভাগই হজযাত্রী। খোলাবাজারে সরবরাহ কম থাকায় ব্যাংক থেকেই ডলার কিনে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকার ডলার ব্যবসায়ী আবদুল খালেক বলেন, সরবরাহ কম থাকায় দাম একটু বাড়তির দিকে। এ ছাড়া হজ মৌসুম হওয়ায় চাপও বেশি। ফলে দাম একটু বেড়ে গেছে।

এদিকে, ব্যাংকগুলোর সূত্রে জানা গেছে, রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক গতকাল প্রতি ডলার নগদ বিক্রি করেছে ৮২ টাকা ১০ পয়সায়, সোনালী ব্যাংক প্রতি ডলার ৮২ টাকা ২০ পয়সায়, আইএফআইসি ব্যাংক ৮২ টাকা ৫০ পয়সায় এবং এবি ব্যাংক ৮২ টাকা ৭৫ পয়সায়। ব্যাংকগুলো নগদ ডলার কিনছেও ৮১ টাকায়। যদিও রেমিট্যান্স সুবিধাভোগীরা প্রতি ডলারের জন্য পাচ্ছেন ৭৮ টাকা। ব্যাংকগুলোতে ঋণপত্রও খোলা হচ্ছে প্রতি ডলার ৭৮ টাকায়। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত কয়েক মাসে ডলারের দামে কোনো পরিবর্তন হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের তথ্যমতে, ডলারের ক্রয় ও বিক্রয় মূল্য ৭৮ টাকা ৪০ পয়সা।

এ বিষয়ে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বাফেদা) চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন, হজ মৌসুম হওয়ায় ডলারের চাহিদা বেড়ে গেছে। ইতিমধ্যে ২০-২৫ হাজার যাত্রী হজের উদ্দেশে গেছেন। অনেকেই খোলাবাজার থেকে ডলার কিনছেন। ফলে দাম বেড়ে গেছে। তবে অফিশিয়াল চ্যানেলে ডলারের কোনো সংকট নেই।

এদিকে, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ধারণক্ষমতা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে ব্যাংকগুলো ‘এলিজেবল’ মূলধনের ১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রার সংরক্ষণ করতে পারত। সম্প্রতি তা বাড়িয়ে ২০ শতাংশ রাখার সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে দেশের ৫৬টি ব্যাংক মিলে আগে ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা ধরে রাখতে পারলেও এখন রাখতে পারছে ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। তবে ব্যাংকগুলোর সংরক্ষণে এখন সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আছে। লোকসানের আশঙ্কায় ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ধরে রাখতে আগ্রহী হচ্ছে না বলে জানা গেছে।

গত জুলাইয়ে প্রবাসী আয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ ব্যাংক। এ কারণেও ডলারের মূল্য বাড়ছে। গত জুলাই মাসে রেমিট্যান্স আসে ১০০ কোটি ডলার, যা আগের মাসের তুলনায় ৩১ শতাংশ কম। গত চার বছরে কোনো মাসে এত কম পরিমাণ রেমিট্যান্স আসেনি। গত জুনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৪৬ কোটি ডলার। ২০১৫ সালের জুলাই মাসে প্রবাসীরা ১৩৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। ২০১২ সালের জুলাইয়ে ১২০ কোটি ডলার, ২০১৩ সালের জুলাইয়ে ১২৩ কোটি ডলার, ২০১৪ সালের জুলাইয়ে ১৪৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।