খোলাবাজারের সরকারি চাল আড়তে
খোলাবাজারে বিক্রির জন্য সরকারের খাদ্য অধিদপ্তরের চাল রাজধানীর বিভিন্ন চালের আড়তে বিক্রি হচ্ছে। খোলাবাজারের চাল বিক্রির বিষয়ে সরকারের যথাযথ তদারকি নেই বলেই এমনটা ঘটছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় সরকার গত ২০ জানুয়ারি থেকে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু করে। এ জন্য ডিলারও নিয়োগ করা হয়। কেজিপ্রতি দর নির্ধারণ করা হয় ২২ টাকা।পুরান ঢাকার একাধিক চালের আড়তে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রি হতে দেখা যায়। আড়তের একজন কর্মী জানান, ‘পার্টিরা দিতেছে, তাই বিক্রি করতাছি।’ আরেক চাল আড়তের ব্যবস্থাপক বলেন, ‘কীভাবে এ চাল আনা হয়েছে, তা মালিক জানেন। আমি বলতে পারব না।’ রাজধানীর বাবুবাজারের একজন বিক্রয় প্রতিনিধি জানান, কয়েক দিন আগে একজন লোক ফোনে তাঁকে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রির কথা জানান। কিন্তু এ চাল বিক্রিতে ঝুঁকি আছে। তাই তিনি এ চাল বিক্রিতে অপারগতা প্রকাশ করেন।নওগাঁর একজন মিল মালিক জানান, খোলাবাজারে ক্রেতা কম থাকায় খাদ্য অধিদপ্তরের চাল রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সরকারের মজুদ অচিরেই শেষ হয়ে আসবে বলে তিনি মনে করেন। তবে বাবুবাজার-বাদামতলী চাল আড়তদার সমিতির একজন নেতা বলেন, এই বাজারে কারও দোকানে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রি করতে দেখা গেলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।