লন্ডনভিত্তিক বিনিয়োগ ও তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাসেলস্টোন ম্যানেজমেন্ট এন-১১ তহবিল গঠন করার উদ্যোগ নিয়েছে। এই তহবিল থেকে বিশ্বের ১১টি উদীয়মান অর্থনীতির পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে যার মধ্যে বাংলাদেশও আছে।উল্লেখ্য, ২০০১ সালে ব্রিক (ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন) জোটের ধারণা প্রবর্তন করার পর গোল্ডম্যান স্যাক্সের তৎকালীন প্রধান অর্থনীতিবিদ জিম ওনিল ২০০৫ সালে নেক্সট ইলেভেন (এন-১১) ধারণাটি প্রকাশ করেন।এতে অন্তর্ভুক্ত করা হয় ১১টি দেশকে—দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক, ফিলিপাইন, মিসর, ভিয়েতনাম, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ ও ইরান।ক্যাসেলস্টোন মনে করছে, এন-১১ জোটে সম্পদ সমৃদ্ধ দক্ষিণ কোরিয়া ও তুরস্ক থেকে শুরু করে ইরানের মতো অপছন্দনীয় দেশও আছে।প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুসারে, এই জোটের মোট বাজার মূলধনের ৪০ শতাংশই রয়েছে দক্ষিণ কোরিয়া। এবং দেশটি সবচেয়ে উন্নত।তবে ক্যাসেলস্টোন তাদের এন-১১ উদীয়মান বাজার তহবিলের (ইমার্জিং মার্কেটস ফান্ড) ১০ শতাংশ দক্ষিণ কোরিয়ায় বিনিয়োগের প্রাথমিক পরিকল্পনা করেছে। এই তহবিলের ৬০ থেকে ৬৫ শতাংশ বিনিয়োগ যাবে এন-১১-এর নিবিড় দেশগুলোতে। এই দেশগুলো হলো—মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক ও ফিলিপাইন। এ ছাড়া মিসর, ভিয়েতনাম, পাকিস্তান ও নাইজেরিয়ার বাজার এই তহবিলের মোট পত্রকোষের (পোর্টফোলিও) ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত গঠন করতে পারে।সবচেয়ে কম বিনিয়োগ করা হবে বাংলাদেশ ও ইরানে। এ প্রসঙ্গে পত্রকোষের ব্যবস্থাপক আরশ জাফারি বলেন, ইরান ও বাংলাদেশের বিনিয়োগ মোট বিনিয়োগের পাঁচ শতাংশ হতে পারে। তবে এই দুটি দেশের যথেষ্ট সম্ভাবনা আছে।আরশ জাফারি বলেন, অবশ্যই ইরানের বিনিয়োগ অনেক ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই বিনিয়োগ থেকে প্রাপ্তির সুযোগও অনেক বড়। কারণ, দেশটির বাজার মূলধন এখন আট হাজার কোটি ডলার। কিন্তু বিদেশি বিনিয়োগ মাত্র ১৫ কোটি ডলার।আরশ জাফারির মতে ২০০৮ সালে একমাত্র ইরানের বাজারই স্ফীত হয়েছে যা থেকে বোঝা যায়, এই বাজার কতখানি বিশ্ব আর্থিক সংকটের প্রভাবমুক্ত ছিল। তবে ইরানের পুঁজিবাজারে এন-১১ তহবিল সরাসরি বিনিয়োগ করবে না। তৃতীয় পক্ষের মাধ্যমে এখানে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।আগামী মাসে লন্ডনে এই তহবিল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।এন-১১ দেশগুলোর বাজার প্রবণতা বোঝার এসব বাজারের প্রধান সূচকগুলোর যে বার্ষিক পরিবর্তন চিত্র তৈরি করেছে, তাতে দেখা যায়, সবচেয়ে বেশি হারে বাজার স্ফীত হয়েছে ইরান ও বাংলাদেশে।বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক ৫০ শতাংশ এবং ইরানের তেহরান স্টক এক্সচেঞ্জের টেপিক্স সূচক ৬৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।অন্যদিকে ইন্দোনেশিয়ার জাকার্তা স্টক এক্সচেঞ্জের সমন্বিত সূচক প্রায় ২৭ শতাংশ, ফিলিপাইনের এসই সূচক ২২ দশমিক ৬৫ শতাংশ এবং তুরস্কের আইএসই-১০০ সূচক ১৫ দশমিক ৬৭ শতাংশ এবং নাইজেরিয়া সার্বিক মূল্যসূচক ১৫ দশমিক ৬৫ শতাংশ হারে বেড়েছে।১০ শতাংশের নিচে বাজারের প্রবৃদ্ধি ঘটেছে এমন দেশগুলো হলো—মেক্সিকো (আইপিসি সূচক প্রায় দুই শতাংশ); পাকিস্তান (করাচি এসই সূচক তিন দশমিক ৪০ শতাংশ); মিসর (হারমেস ফাইনান্সিয়াল সূচক পাঁচ শতাংশ) ও দক্ষিণ কোরিয়া (এসই সমন্বিত সূচক সাড়ে ছয় শতাংশ)। এই সময়কালে কেবল ভিয়েতনামের শেয়ারবাজার কিছুটা সংকুচিত হয়েছে। দেশটির প্রধান স্টক এক্সচেঞ্জের সার্বিক শেয়ার সূচক ছয় দশমিক ১১ শতাংশ হারে হ্রাস পেয়েছে।ক্যাসেলস্টোন মনে করছে, ব্রিক দেশগুলোতে এখন যে সুযোগ নেই, সেই সুযোগ রয়েছে এন-১১-ভুক্ত দেশগুলোতে সমন্বিতভাবে।১০ বছর আগেও ব্রিক দেশগুলোতে বিনিয়োগের কিছু ছিল। আর এখন এই বাজারে বহু তহবিল আটকা পড়ে গেছে। বিশেষ করে চীন ও ভারতে। কিন্তু সে তুলনায় এন-১১ দেশগুলোতে সেভাবে কেউ তাকাচ্ছে না। সূত্র: ফাইনান্সিয়াল টাইমস।