গণজাগরণ ঘিরে নানা ব্যবসায়িক কর্মকাণ্ড
বাউল গানের শিল্পীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বাদ্য বাজান পনির হোসেন এবং নূর আলম সরকার। পনির বাজান ঢোল আর নূর আলম মন্দিরা। বাদ্য বাজিয়ে দুজনের প্রতিদিনের রোজগার হয় তিন হাজার টাকা।মানবতাবিরোধী অপরাধে যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর পুরো জাতির মতো এই দুই বাদকও ক্ষুব্ধ। রোজগারের চিন্তা বাদ দিয়ে আন্দোলনকারীদের উৎসাহ জোগাচ্ছেন তাঁরা। ঢোল আর মন্দিরা বাজাচ্ছেন, আর স্লোগান দিচ্ছেন ‘ফাঁসি’, ‘ফাঁসি’।জীবিকা নির্বাহের প্রয়োজনেই মানুষ প্রতিদিন কাজের সন্ধানে বের হন। কিন্তু সেই কাজকেও তুচ্ছ করে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন এই দুজন। শাহবাগ চত্বরে (প্রজন্ম চত্বর) এমন অনেকেই আছেন। বিপুল মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে একদল ব্যবসায়ী যেমন আছেন, তেমন সমাবেশে ক্ষোভ প্রকাশ ও চেতনাকে তুলে ধরার ভাষার সঙ্গে পরিপূরক কিছু ব্যবসাও চলছে সেখানে। টানা ছয়দিনে এসব ব্যবসায় টাকার লেনদেন কিন্তু খুব কম না। মাছ বিক্রি করে জীবন চালান মতিউর রহমান। শখের বসে শিখেছিলেন আঁকাআঁকি। তা-ই নিয়েই শাহবাগে চলে এসেছেন তিনি। নিজের ব্যবসা বাদ দিয়ে তিন দিন ধরে প্রাণের টানে পড়ে আছেন প্রজন্ম চত্বরে। আন্দোলনে যোগ দিতে আসা তরুণ-তরুণীদের হাতে ও গালে রং-তুলির আঁচড়ে লাল-সবুজ পতাকা কিংবা ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’সহ বিভিন্ন ধরনের স্লোগান এঁকে দিচ্ছেন। বিনিময়ে কোনো পারিশ্রমিক দাবি করছেন না।এখানে কেউ বিক্রি করছেন জাতীয় পতাকা, কেউ করছেন যুদ্ধাপরাধীদের বিচারসংবলিত ব্যান্ডেলা বা মাথার ফেটা। আবার কেউ বা বিক্রি করছেন পানি। আছে ঝালমুড়ি-চানাচুরওয়ালা, বাদাম-বুট বিক্রেতা, পান-সিগারেট-চাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। তবে তাঁরাও বলছেন, শুধু ব্যবসার উদ্দেশ্যেই শাহবাগ আসেননি। আবেগের মূল্য দিতেও এসেছেন। তাই তো আন্দোলনকারীদের সঙ্গে মুহুর্মুহু স্লোগানও ধরছেন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা।শাহবাগ চত্বরে নানা বয়সী মানুষের ঢল নামছে প্রতিদিন। জনস্রোত প্রতিদিনই বাড়ছে। এই মানুষদের অনেকের মাথায় জাতীয় পতাকা বাঁধা। সে কারণেই সকাল থেকে রাত পর্যন্ত পুরো চত্বরেই চোখে পড়ে লাল-সবুজের ঢেউ। আর এসব পতাকা বিক্রি করছেন এমন অন্তত ১৫ জনকে গতকাল চোখে পড়েছে।কথা হয় তাঁদেরই একজন মো. সুরুজের সঙ্গে। তিন বছর ধরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ক্রিকেট খেলার সময় বিভিন্ন স্টেডিয়ামের বাইরে ঘুরে ঘুরে পতাকা বিক্রি করেন তিনি। খেলা না থাকলে বাদামতলীর ফলের আড়তে কাজ করেন। তবে এবার তিনি আন্দোলনের কথা শুনেই শাহবাগে চলে আসেন। গড়ে দুই হাজার টাকার পতাকা ও ব্যান্ডেলা বিক্রি হচ্ছে প্রতিদিন। এতে ভালোই লাভ থাকছে এমনটাই জানালেন সুরুজ। তবে ব্যবসা নয়, বরং মনের আনন্দেই কাজটি করছেন বলে দাবি করেন সুরুজ। বলেন, ‘আমার কাছ থেকে পতাকা কিনে মানুষ মাথায় বাঁধে। এটা অনেক সুখের, গর্বের।’শাহবাগে ঘুরে ঘুরে শণপাপড়ি বিক্রি করছিলেন মো. শাহীন মিয়া। জানালেন, জুরাইন থেকে ১৩০ টাকা কেজি দরে শণপাপড়ি কিনে এনে ২০০ টাকায় বিক্রি করেন। গত শুক্রবার মহাসমাবেশের দিনে বিক্রি করেছেন তিন হাজার ৬০০ টাকার শনপাপড়ি।শাহীন মিয়াও মনে করেন, কাদের মোল্লার উপযুক্ত শাস্তি হয়নি। তাঁর মতে, ‘যে রকম অন্যায় করছে, সে রকম বিচার হওয়া উচিত।’ তবে ভিন্ন চিত্রও আছে। টানা আন্দোলন কর্মসূচিতে শাহবাগের ফুলের দোকানিরা পড়েছেন বিপাকে। ছয় দিন ধরে সড়ক বন্ধ থাকায় তাঁদের ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে। তবে এ নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ নেই। তাঁদেরও একটাই দাবি, রাজাকারের ফাঁসি চাই। ট্যাকা চাই না, ফাঁসি চাই: দুপুরে কথা হয় ওই দুই বাদকের সঙ্গে। বাদ্য বাজাতে বাজাতেই কথা বলেন তাঁরা। পনির হোসেন জানান, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমীসহ দেশের বিভিন্ন স্থানে পরিবেশিত বাউল গানের সঙ্গে প্রতিদিন অংশ নেন তাঁরা দুজন। এসব অনুষ্ঠানে বাদ্য বাজিয়ে প্রতিদিন তাঁদের আয় হয় তিন হাজার টাকা। দুজনই থাকেন রাজধানীর দক্ষিণ গাঁওয়ে।আজ তো আর কোনো অনুষ্ঠানে বাদ্য বাজাতে যাননি, এখানে আসাতে তিন হাজার টাকা রোজগার থেকে বঞ্চিত হলেন। তার পরও কেন এসেছেন?— জানতে চাইলে পনির হোসেন বলেন, ‘আমরা ট্যাকা চাই না ভাই, রাজাকারের ফাঁসি চাই। ওই ব্যাডার ফাঁসি হইলে এক দিনের রোজগার না হইলেও মনে শান্তি পামু।’নূর আলম সরকার বিরামহীনভাবে মন্দিরা বাজিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের বাদ্য শুনে অনেক ছাত্র ভাই-বোনরা “ফাঁসি”, “ফাঁসি” কইরা নাচতাসে। এইটাই আমাদের কাছে অনেক বড়। অনেক শান্তি লাগতাসে।’