>সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (এসএএনইএম-সানেম) আয়োজিত দ্বিতীয় বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছিলেন ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলঙ্কার নির্বাহী পরিচালক সামান কেলেগামা। বিভিন্ন ধরনের নীতিনির্ধারণী গবেষণা করে থাকে শ্রীলঙ্কার এই স্বশাসিত প্রতিষ্ঠানটি। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও সমস্যা নিয়ে ১৯ ফেব্রুয়ারি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সামান কেলেগামা। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ

প্রথম আলো: এই যুগে শুধু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দিয়ে কি উন্নয়নকে টেকসই করা যায়?
সামান কেলেগামা: শুধু প্রবৃদ্ধি দিয়ে উন্নয়নকে বিবেচনা করা হয় না। প্রবৃদ্ধিনির্ভর অর্থনীতিতে নানা ধরনের সমস্যা হয়। সমাজের সব স্তরের মানুষ প্রবৃদ্ধির সুফল পায় না। অতি শিল্পায়নের কারণে পরিবেশ নষ্ট হয়। আবার সরকার একতরফাভাবে একশ্রেণির প্রভাবশালী মানুষ ও প্রতিষ্ঠানের পক্ষে নীতি গ্রহণ করে থাকে।
কিন্তু প্রবৃদ্ধির সুবিধা সবাই যাতে পায়, তা নিশ্চিত করতে হবে। সমাজের প্রান্তিক নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের কাছে যেন উন্নয়নের সুফল যায়। তা না হলে উন্নয়নের সুফল একশ্রেণির সুবিধাভোগী ধনী মানুষের কাছেই থেকে যাবে।
প্রথম আলো: তাহলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নীতিনির্ধারণী ব্যবস্থা কেমন হওয়া উচিত?
সামান কেলেগামা: প্রবৃদ্ধি ও গণতন্ত্র একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হবে। ভালো প্রবৃদ্ধি অর্জনের জন্য গণতন্ত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার পরিবর্তন হলেও যদি নিয়ম-নীতি না বদলায়; তাহলে ব্যক্তি খাতের বিনিয়োগকারীরা আস্থা পান। আবার একনায়কতন্ত্র থাকলে নিয়মকানুনের কোনো তোয়াক্কা থাকে না। তখন বিনিয়োগকারীরা বেশ আস্থাসংকটে থাকেন। প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ে। ফিলিপাইনের মার্কোস ও ইন্দোনেশিয়ার সুহার্তোর আমলে সেখানে এমনই হয়েছিল। এই দুই স্বৈরশাসকের পতনের পর ওই দুই দেশ বেশ ভালো করেছে।
প্রথম আলো: জনসংখ্যা বোনাস বা তরুণ জনগোষ্ঠীর সুবিধা নিতে পারেনি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কীভাবে শিক্ষা নিতে পারে?
সামান কেলেগামা: বাংলাদেশে এখন সবচেয়ে বেশি তরুণ জনগোষ্ঠী, যাদের বয়স ১৬ থেকে ৪০ বছর। বাংলাদেশের নীতি এমন হওয়া উচিত, যাতে এই তরুণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়। মানসম্পন্ন শিক্ষা দিয়ে তাঁদের দক্ষ করে তুলতে হবে। এর পাশাপাশি তাঁদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান—এই দুটি করতে হবে অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধির স্বার্থেই। এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করতে পারলে তারা অর্থনীতিতে আরও বেশি মূল্য সংযোজন করতে পারবে। পূর্ব এশিয়ার দেশগুলো তাদের তরুণ মানবসম্পদ কাজে লাগিয়ে এগিয়ে গেছে।
কিন্তু শ্রীলঙ্কা তরুণ জনগোষ্ঠীর এই ধরনের সুবিধা নিতে পারেনি। এখন শ্রীলঙ্কায় ক্রমশ বয়স্ক লোকজন বাড়ছে। সত্তরের দশকের শেষ দিক থেকে ২০০৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় যুদ্ধাবস্থা ছিল। ওই সময়ে শ্রীলঙ্কার তরুণ জনগোষ্ঠী বেশি ছিল। ওই ২৫-৩০ বছর তরুণদের জন্য যথাযথভাবে কাজে লাগানো যায়নি। এমনকি কাজে লাগাতে কোনো নীতিও গ্রহণ করতে পারেনি শ্রীলঙ্কা সরকার। এতে দেশে কাজ না পেয়ে দেশের বাইরে চলে গেছেন; উচ্চশিক্ষিতেরাও গেছেন। আবার যুদ্ধাবস্থার কারণে অর্থনীতিতে একধরনের অনিশ্চয়তা ছিল।
এতে বিদেশি বিনিয়োগকারীরা দ্বিধাদ্বন্দ্বে ছিল; বিনিয়োগও তেমন আসেনি। অন্যদিকে স্থানীয় বিনিয়োগও কম হয়েছে। এসব কারণে পর্যাপ্ত কর্মসংস্থান হয়নি; তরুণদের সর্বোচ্চ ব্যবহার করা যায়নি। ওই সময়ে শ্রীলঙ্কার অর্থনীতির পুরো সম্ভাবনা কাজে লাগানো যায়নি।
প্রথম আলো: তরুণদের জন্য মানসম্পন্ন বা শোভন কাজের ব্যবস্থা করা বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কী করা উচিত?
সামান কেলেগামা: বাংলাদেশ এখন বাজারনির্ভর অর্থনীতির দেশ। অর্থনীতিতে যে ধরনের দক্ষ মানুষ দরকার, সেই অনুযায়ী শিক্ষাব্যবস্থার প্রচলন করতে হবে। আমি মনে করি, বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ার শিক্ষা পাঠ্যক্রম সংশোধন করার সময় এসেছে। যেহেতু বাংলাদেশের অর্থনীতি বেসরকারি খাতনির্ভর। তাই বেসরকারি খাতের উদ্যোক্তারা কেমন মানবসম্পদ চায়, সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করা উচিত। যেমন বাংলাদেশে তৈরি পোশাক খাতের চাহিদা জেনে শিক্ষা পাঠ্যক্রম প্রচলন করা।
প্রথম আলো: টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে সম্পদের প্রতিশ্রুতি নেই। তাহলে সম্পদের জোগান কীভাবে হবে?
সামান কেলেগামা: এসডিজি বাস্তবায়নে উন্নয়ন-সহযোগীদের ওপর নির্ভর করা যাচ্ছে না। আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তখন এমনিতেই বিদেশি সহায়তা প্রবাহ কমে যাবে। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) ৮ নম্বর লক্ষ্য অনুযায়ী দাতাদের কাছ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী সম্পদ পাওয়া যায়নি। আগামী ১৫ বছরে এসডিজি অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। অর্থের সংস্থান হতে হবে দেশজ উপায়ে। প্রথমত, বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বেসরকারি খাতকে বিনিয়োগসঙ্গী বানাতে পারে। দ্বিতীয়ত, কর ব্যবস্থার সংস্কার করে অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ আহরণ করতে হবে।
প্রথম আলো: বেসরকারি খাত কীভাবে সম্পৃক্ত হবে?
সামান কেলেগামা: বেসরকারি খাতের ভূমিকা হবে অংশীজনের মতো। এ খাতটি প্রবৃদ্ধির চালিকাশক্তি। বেশ কয়েকটি উপায়ে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা যেতে পারে। পিপিপি পদ্ধতিতে ব্যক্তি খাতের উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারেন। পিছিয়ে পড়া মানুষকে মূলধারার অর্থনীতিতে অন্তর্ভুক্তির সুযোগ করে দিতে বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) চালাতে পারে। আবার সবুজ উৎপাদন করে পরিবেশদূষণ প্রতিরোধে ভূমিকাও রাখতে পারে। যেকোনো নীতিনির্ধারণে এর ভালো-খারাপ দিকগুলো নিয়ে বেসরকারি খাত সক্রিয় ভূমিকা রাখতে পারে। যেমন ভবিষ্যতে যাতে রানা প্লাজার মতো ঘটনা না ঘটে, সে জন্য এ-সংক্রান্ত নীতিনির্ধারণে সরকারের বাইরের লোকেরা অংশ নিতে পারেন। টেকসই উন্নয়ন তো বেসরকারি খাতের জন্যও দরকার। কেননা, কলকারখানা পরিবেশদূষণ করে থাকে। বেসরকারি খাতেরও টেকসই হওয়ার বিষয় আছে।
প্রথম আলো: এসডিজি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূর করার লক্ষ্যে কি সঠিক পথে আছে বাংলাদেশ?
সামান কেলেগামা: দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ ব্যাপকভাবে সফল হয়েছে। বিভিন্ন সামাজিক সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো করেছে। দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ব্যবস্থাকে কৃতিত্ব দিতেই হবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রাজনীতির ঊর্ধ্বে উঠে সঠিকভাবে প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করাসহ দারিদ্র্য বিমোচনের কর্মসূচিগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে। এমনকি সরকার পরিবর্তনেও যেন এসব কর্মসূচি অব্যাহত থাকে।
অন্যদিকে দারিদ্র্য বিমোচনে এনজিওগুলো বেশ সফল হয়েছে। দারিদ্র্য বিমোচনে ব্র্যাক, গ্রামীণ ব্যাংকের সফল কর্মসূচি আছে। এই ধরনের প্রতিষ্ঠান যাঁরা চালান, তাঁরা বেশ খ্যাতিমান ব্যক্তিত্ব। তাঁদের রাজনীতিতে জড়ানো উচিত হবে না। তাঁরা রাজনীতিতে জড়ালে দারিদ্র্য বিমোচনের কর্মসূচি বাধাগ্রস্ত হবে। এসব প্রতিষ্ঠানের কাজ হলো সমাজে বৈষম্য কমানো।
প্রথম আলো: বাংলাদেশে ৭ শতাংশের প্রবৃদ্ধিকে কীভাবে টেকসই করা যাবে?
সামান কেলেগামা: ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন অবশ্যই ঈর্ষণীয়। বাংলাদেশের রপ্তানি খাতটি পুরোপুরি তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। যেমন ওষুধ ও জাহাজ নির্মাণে ব্যাপক সম্ভাবনা আছে। অবকাঠামো খাতেও বিপুল বিনিয়োগ লাগবে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশে সফরে এসেছেন। তাঁর সফরের সময় ২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশের উচিত উচ্চ প্রবৃদ্ধির জন্য এই ধরনের উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে বিনিয়োগ আনার চেষ্টা করা।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ
সামান কেলেগামা: ধন্যবাদ