গণতন্ত্র থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ ফরাসউদ্দিন
মোহাম্মদ ফরাসউদ্দিন

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা এবং এতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন। রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ‘আগামী দিনের অর্থনীতি: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় এ কথা বলেন তিনি।
বাংলাদেশ যুব অর্থনীতি সমিতি ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শহীদুল হাসান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন যুব অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এ কে এম কামরুল আহসান।
প্রবন্ধ উপস্থাপনায় বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ১৯৯০-পরবর্তী সময়ে গণতন্ত্রের প্রত্যাবর্তন বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির দুয়ার খুলে দেয়। এরপর থেকে ন্যূনতম প্রবৃদ্ধি ৫ শতাংশের কম হয়নি। আর গত ৮ বছরে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির হার ধারাবাহিকভাবে ৬ দশমিক ২ শতাংশ থেকে ৭ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। আগামী ৫ বছরে এই প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে যাবে।
প্রবৃদ্ধির ধারাবাহিকতায় গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন বলেন, ‘যেখানে গণতন্ত্র থাকবে, গণমানুষের অংশগ্রহণ থাকবে, সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি অবশ্যই টেকসই হবে।’
বর্তমানে অর্থনীতির মূল সমস্যা হিসেবে বেসরকারি বিনিয়োগে স্থবিরতার বিষয়টি তুলে ধরেন মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, বর্তমানে সরকারি খাতে বিনিয়োগ বাড়লেও বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধিতে তেমন উৎসাহ নেই। এ বিষয়ে বস্তুনিষ্ঠ ও নির্মোহ বিশ্লেষণ করে নীতিকৌশলে যথাবিহিত পরিবর্তন এনে বিনিয়োগ উৎসাহের আবহ সৃষ্টি করতে হবে।

মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে নিতে হলে বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং মানবসম্পদ উন্নয়নে উল্লম্ফন ধারা সৃষ্টির বিকল্প নেই। সংকোচনশীল মুদ্রানীতির কারণে প্রবাসী আয় কমছে, হুন্ডি বাড়ছে। এটি কাটিয়ে উঠতে সম্প্রসারণশীল অর্থনীতি সহায়ক মুদ্রানীতি ও যথোপযুক্ত বিনিময় হার নীতিতে যেতে পারলে ভালো হয়।

সরকারের গ্যাস ব্যবহার নীতি পরিবর্তনের পরামর্শ দিয়ে ফরাসউদ্দিন বলেন, বর্তমানে উৎপাদিত গ্যাসের ৫৩ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে, ১৬ শতাংশ গৃহস্থালিসহ অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ মোট উৎপাদনের ৭০ শতাংশ গ্যাসই শিল্পায়নবহির্ভূত খাতে ব্যবহার হচ্ছে। শিল্পায়নে গ্যাসের ব্যবহার বাড়াতে জোর দিতে হবে।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকারকে প্রকল্পটির বিরোধিতাকারীদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়ে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, যাঁরা রামপালের বিরুদ্ধে বলছেন, তাঁরা যদি এক বছরের বিরতি দিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেন, তাহলে সেটি উত্তেজনা প্রশমনে সহায়ক হবে। সরকারকেও ঠান্ডা মাথায় চিন্তা করে প্রয়োজন বোধে ছাড় দিতে হবে।

কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, একটি চলমান অর্থনীতিতে কিছু সমস্যা থাকবে। সেগুলো চিহ্নিত করে তা সমাধানে পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। বিভিন্ন শ্রেণির সমস্যা ভিন্ন, তাদের সমস্যা সমাধানে বিশেষ নীতি নিতে হবে।

বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, বর্তমানে ব্যাংক খাতে ঋণের সুদ হার কমানো হচ্ছে। কিন্তু মন্দ ঋণের কারণে যে আর্থিক ক্ষতি হচ্ছে, সেটি কমাতে না পারলে সুদ হার কমানোর পদক্ষেপ টেকসই হবে না।