গণপরিবহন বিমার আওতায় আসা উচিত: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপরিবহন খাতকে ব্যাপকভাবে বিমার আওতায় নিয়ে আসা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, হরতাল হলেই কিছু লোক পটকা-টটকা মারে। এ ভয়ে অনেকেই গাড়ি বের করে না। অথচ গ্রুপ বিমা থাকলে তেমন অসুবিধা হতো না। তখন ক্ষতিপূরণের ব্যবস্থা থাকত। ফলে তেমন একটা ভয় কাজ করত না। গতকাল বুধবার সচিবালয়ে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) চেয়ারম্যান শেখ কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, হরতালের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হলে যানবাহনগুলোর বিমা থাকা দরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) গাড়িগুলোও বিমার আওতায় আনা হবে। আর বেসরকারি খাতের গাড়িগুলোকে বিমার আওতায় আনতে ব্যবসায়ীরা বিভিন্ন বিভাগে প্রচারণা চালাবেন।বিআইএর চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, গণপরিবহনের ক্ষেত্রে এখনো বিমার ব্যবস্থা আছে। কিন্তু ক্ষতিপূরণ যাতে পাওয়া যায়, সেই বিমা কম করা হয়। ব্যাপকভাবে বিমা করানোর জন্য শিগগিরই কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে।