গণমাধ্যমে তথ্য না দিতে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য গোপন রাখতে বাংলাদেশ ব্যাংকের নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর শুধু কেন্দ্রীয় ব্যাংকের প্রশংসামূলক তথ্য ও ছবি প্রকাশে নিয়োজিত রয়েছে একাধিক বিভাগ।
বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে গতকাল মঙ্গলবার ‘গণমাধ্যমে সংবাদ বা তথ্য প্রদান প্রসঙ্গে’ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের কিছু সংবেদনশীল সংবাদ বিভিন্ন গণমাধ্যমে অনভিপ্রেতভাবে প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। এতে একদিকে যেমন কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে দাপ্তরিক কাজে জটিলতার উদ্ভব হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, গত ৮ জানুয়ারি এক অফিস নির্দেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সংবাদমাধ্যমে তথ্য দেওয়ার জন্য মুখপাত্র হিসেবে নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান এবং পরবর্তীকালে সহকারী মুখপাত্র হিসেবে মহাব্যবস্থাপক এফ এম মোকাম্মেল হক ও এ এফ এম আসাদুজ্জামান নিয়োজিত রয়েছেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে ব্যাংক খাতের অনিয়ম ও জালিয়াতির তথ্য বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হওয়ায় বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায় অসন্তুষ্ট। সংবাদপত্রে কোনো তথ্য প্রকাশ হলেই বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের ওপর চড়াও হয় শীর্ষ পর্যায় থেকে। সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বাইরে থেকে তথ্যগুলো সংবাদমাধ্যমে আসে। গত শুক্র ও শনিবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কৌশলগত পরিকল্পনার এক কর্মশালায়ও সংবাদ প্রকাশের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়।