গণশুনানিতে ভোক্তা কম, আগ্রহ বেশি
সম্মেলনকক্ষে বসে আছেন জনা বিশেক নারী-পুরুষ। নিজেদের মধ্যে তাঁরা আলাপ করছিলেন। একটু পর কয়েকজন কর্মকর্তাকে নিয়ে ওই কক্ষে আসেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এর পরই কয়েকজন জানতে চাইলেন ভোক্তাস্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, করলেন প্রশ্ন। মহাপরিচালক সেসব শুনলেন, জবাবও দিলেন।
ভোক্তাদের নিয়ে ভোক্তা অধিদপ্তরের প্রথম গণশুনানির চিত্র এটি। গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অধিদপ্তরের সম্মেলনকক্ষে এটি অনুষ্ঠিত হয়। এখন থেকে প্রতি সোমবার সকাল ১০টায় অধিদপ্তরে অনুষ্ঠিত হবে এমন শুনানি।
সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন ২৯ জন। এর মধ্যে বক্তব্য দিয়েছেন ছয়জন ভোক্তা। এর আগে সূচনা বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা বলেন, ‘গণশুনানির পরিধি এখন ছোট। মাত্র তো শুরু করেছি। ধীরে ধীরে এর পরিধি আরও বাড়বে। কারণ, দেশে ১৫ কোটি মানুষ, সবাই তো ভোক্তা।’ তিনি বলেন, প্রতিকার পেতে চাইলে প্রতারিত ভোক্তাকে অধিদপ্তরের কাছে অবশ্যই প্রতারিত হওয়ার ৩০ দিনের মধ্যে প্রমাণসহ ই-মেইল, ফ্যাক্স কিংবা অন্য কোনো উপায়ে লিখিত অভিযোগ করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রতারণাকারীর কাছ থেকে যত টাকা জরিমানা আদায় করা হবে, তার ২৫ শতাংশ অভিযোগকারী ভোক্তা পাবেন। বাকিটা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
গণশুনানিতে একজন ভোক্তা জানতে চান, প্রত্যন্ত অঞ্চলের অশিক্ষিত কিংবা স্বল্পশিক্ষিত ভোক্তারা কীভাবে অধিদপ্তরে অভিযোগ করবেন, তাঁরা তো আর ই-মেইল করতে পারবেন না।
জবাবে মহাপরিচালক বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও অধিদপ্তরের কার্যালয় আছে। সেখানকার কর্মকর্তাদের কাছে গিয়ে অভিযোগ করা যাবে।
মিরপুর থেকে শুনানিতে অংশ নিতে আসেন আশিকুন নবী। তিনি বলেন, ‘৩০ দিনের মধ্যে ভোক্তাকে অভিযোগ করতে হবে। কিন্তু কত দিনের মধ্যে তা নিষ্পত্তি হবে?’
মহাপরিচালক বলেন, ‘এমনিতে কোনো সময় নির্ধারণ করা নেই। আমরা চেষ্টা করি যত দ্রুত নিষ্পত্তি করা যায়। আমরা অনেক অভিযোগ চার থেকে ছয় দিনের মধ্যে নিষ্পত্তি করে ফেলেছি। তবে কোনো অভিযোগের ক্ষেত্রে যদি মামলা করতে হয়, সে ক্ষেত্রে তা আদালতের হাতে চলে যায়।’
তবে অধিদপ্তর সূত্র জানায়, এখন পর্যন্ত ভোক্তাস্বার্থে অধিদপ্তর কোনো মামলা করেনি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তোফায়েল হোসেন বলেন, ‘আমরা সারে ভেজাল দেওয়ার অভিযোগ শুনি। কিন্তু যারা সারে ভেজাল দেয়, তারা সব সরকারের সময়ই তাদের সঙ্গে সম্পর্ক রেখে এ কাজ করে। সেদিক থেকে তারা ক্ষমতাশালীও। এ ক্ষেত্রে যিনি অভিযোগ করবেন, তিনি তো চাপে থাকবেন। এ ক্ষেত্রে আপনারা তাঁর সুরক্ষা দেবেন কি না?’
জবাবে মহাপরিচালক বলেন, ‘অপরাধ প্রমাণিত হলে আমরা এ ক্ষেত্রেও আইনি ব্যবস্থা নেব।’
আরেকজন ভোক্তা জানতে চান, মোড়কজাত পাউরুটিতে মেয়াদোত্তীর্ণের যে তারিখ লেখা আছে, দোকানেই যদি তা আসে সেই দিন রাতে, সে ক্ষেত্রে তিনি কী করবেন?
মহাপরিচালকের জবাব, ‘দোকানদারের কাছ থেকে আপনি রসিদ নেবেন। তা হলে প্রমাণ থাকবে। সেই প্রমাণসহ অভিযোগ করবেন। প্রমাণ না থাকলে কিন্তু অভিযোগ করে লাভ হবে না।’
আজিমপুর থেকে আসা মিথুন জানতে চান, ভোক্তা অধিকারের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায় কি না।
জবাবে মহাপরিচালক বলেন, ‘পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির বিষয়টি আমার হাতে নেই। এটা অনেকগুলো মন্ত্রণালয়ের সম্মিলিত বিষয়। তবে আমরা ঢাকার স্কুলগুলোতে ভোক্তা অধিকার দিবসের পোস্টার-লিফলেট বিলি করেছি, যেন শিক্ষার্থীরা এখন থেকেই সচেতন হতে পারে।’
অভিযোগ ও অভিযান: ২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়নের পর ওই বছরের ১ নভেম্বর ভোক্তা অধিদপ্তরটি প্রতিষ্ঠা করে সরকার। ২০১০ সালের ৬ এপ্রিল বাজার অভিযানের মাধ্যমে যাত্রা শুরু করে সংস্থাটি।
জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে গত জুলাই পর্যন্ত ৪২ হাজার ৫০০ দোকান, আড়ত ও কারখানায় অভিযান চালিয়েছে অধিদপ্তর। এর মধ্যে ১০ হাজার দোকানকে আট কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে জুলাই পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে অধিদপ্তরে ৪৯২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তদন্তাধীন আছে ৪৩টি অভিযোগ। বাকিগুলোর নিষ্পত্তি হয়েছে।
ভোক্তারা যেন তাঁদের অভিযোগ নিয়ে অধিদপ্তরে আসেন, সে জন্য ৩ আগস্ট অধিদপ্তরের কার্যালয়ে চালু করা হয়েছে জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র (এনসিসিসি)। অধিদপ্তর সূত্র বলছে, চালুর পর থেকে গতকাল পর্যন্ত এই কেন্দ্রের ই-মেইলে ([email protected]) শতাধিক অভিযোগ এসেছে। এর মধ্যে অভিযোগ যেমন আছে, তেমনি আছে নানা প্রশ্নও।
মজার মজার কিছু অভিযোগ এসেছে বলে সূত্র জানিয়েছে। এর মধ্যে একজন বলেছেন, তিনি সদ্য প্রকাশিত এইচএসসির ফল অনুযায়ী ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। কিন্তু তিনি ওই পরীক্ষা ভালো দিয়েছেন। আরেকজন লিখেছেন, দক্ষিণখান এলাকার রাস্তা ভালো না, রোগী নিয়ে যেতে কষ্ট হয়। এ থেকে পরিত্রাণের উপায় কী? আরেকজন লিখেছেন, তাঁর জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে। কীভাবে পাবেন? আরেকজন লিখেছেন, তাঁকে ওজনে কম দেওয়া হয়েছে। কী প্রতিকার পাবেন তিনি?