গত অর্থবছর এডিপির ৯১ শতাংশ বাস্তবায়ন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯-১০ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। ২৮ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত এডিপির মধ্যে শেষ পর্যন্ত ২৫ হাজার ৯০২ কোটি টাকা বাস্তবায়ন হয়েছে।পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। খবর ইউএনবির। ২০০৫-০৬ অর্থবছরের পর এই প্রথম কোনো বছর এডিপির ৯১ শতাংশ বাস্তবায়িত হলো।২০০৮-০৯ অর্থবছরে বাস্তবায়িত হয়েছিল প্রায় ৮৬ শতাংশ। আর ২০০৬-০৭ অর্থবছরে বাস্তবায়িত হয়েছিল ৮৩ শতাংশ যা কমে ২০০৭-০৮ অর্থবছরে হয় ৮২ শতাংশে।গত অর্থবছরের বাস্তবায়ন চিত্র থেকে দেখা যায় যে সরকার সংশোধিত বরাদ্দের মধ্য থেকে দুই হাজার ৫৯৮ কোটি টাকা বাস্তবায়ন করতে পারেনি। ২০০৯-১০ অর্থবছরের জন্য প্রথমে ৩০ হাজার ৫০০ কোটি টাকার এডিপি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে তা দুই হাজার কোটি টাকা কমিয়ে সংশোধন করা হয়।সংশোধিত এডিপিতে ১৭ হাজার ২০০ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে যা মোট এডিপির ৬০ দশমিক ৩৫ শতাংশ। বাকি ৩৯ দশমিক ৬৫ শতাংশ বা ১১ হাজার ৩০০ কোটি টাকা আসবে প্রকল্প সহায়তা হিসেবে। তবে এডিপির আয়তন কমলেও এডিপিতে উন্নয়ন প্রকল্পের সংখ্যা ৮৮৬টি থেকে বাড়িয়ে এক হাজার ৫৮টি করা হয়েছে। অন্য দিকে গত বছর জুনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় বলেছিলেন, ‘আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির যথাযথ বাস্তবায়ন সব সময়ই দুর্বল; এবারের বিশেষ ভয় হলো, এইটি এতই উচ্চাভিলাষী যে ব্যর্থতার আশঙ্কা ব্যাপক। তাই শুরু থেকেই পরিবীক্ষণ, দেখাশোনা ও মূল্যায়নে জোর দিতে হবে।’ এডিপি বাস্তবায়নের পরিসংখ্যান পর্যালোচনায় আরও জানা যায়, গত অর্থবছরের প্রথম ১১ মাসে এডিপির ৬৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে। আর শেষ মাসে অর্থাৎ জুন মাসে বাস্তবায়িত হয়েছে ২৩ শতাংশ।কিন্তু এই এক মাসে এতো বিপুল পরিমাণ অর্থ উন্নয়ন প্রকল্পে ব্যয় হওয়ায় এই অর্থ কতটুকু সঠিকভাবে ব্যয় হয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রাপ্ত পরিসংখ্যানে আরও দেখা যায়, গত অর্থবছর জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ বিভাগ মোট বরাদ্দের চেয়ে বেশি ব্যয় করেছে। এই বিভাগের এডিপি বাস্তবায়নের হার ১২৪ শতাংশ। অধিকতর কারিগরি সহায়তা পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে টাকার অঙ্কে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। বরাদ্দকৃত ছয় হাজার ৯১৫ কোটি টাকার মধ্যে ৯৮ শতাংশ বা নয় হাজার ৭৬০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।