গত অর্থবছর ২১৫ কোটি ডলারের সাহায্য এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০০৯-১০ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ ২১৫ কোটি ডলারের বিদেশি সাহায্য পেয়েছে। কোনো অর্থবছরে এটাই এ পর্যন্ত সর্বোচ্চ বিদেশি সাহায্য।আবার গত অর্থবছরই বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ২৯৪ কোটি ৯১ লাখ ডলারের সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিল। এটিও কোনো অর্থবছরে বিদেশি সাহায্যের সর্বোচ্চ প্রতিশ্রুতি। খবর ইউএনবির।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রাথমিক পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছর মোট বিদেশি সাহায্যের মধ্যে ১৫৯ কোটি ৬৭ লাখ ডলার এসেছে অনুদান হিসেবে। বাকি অর্থ এসেছে ঋণ হিসেবে।মোট ঋণের মধ্যে সবচেয়ে বেশি এসেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে। এডিবি গত অর্থবছর বাংলাদেশকে ১০৮ কোটি ২০ লাখ ডলার ঋণ দিয়েছে।দ্বিতীয় স্থানে আছে বিশ্বব্যাংক। এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে পাওয়া গেছে ৩৪ কোটি ৪৫ লাখ ডলার।এরপর জাপান, কুয়েত, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) থেকে ঋণ বাবদ পাওয়া গেছে, যথাক্রমে সাত কোটি ৮৫ লাখ ডলার, দুই কোটি ৯৮ লাখ ডলার, দুই কোটি ৫৭ লাখ ডলার এবং দুই কোটি সাত লাখ ডলার।অন্যদিকে অনুদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি এসেছে যুক্তরাজ্যের ডিএফআইডি থেকে। এই সংস্থা থেকে বাংলাদেশ পেয়েছে ১০ কোটি ৭৪ লাখ ডলার। এরপর যথাক্রমে ইউরোপীয় কমিশন, জার্মানি, বিশ্বব্যাংক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে যথাক্রমে আট কোটি ৩০ লাখ ডলার, সাত কোটি ডলার, পাঁচ কোটি ২৯ লাখ ডলার ও নয় কোটি ৫৮ লাখ ডলার।ইআরডি সূত্রে অবশ্য এ-ও জানা গেছে, আরও কিছু সংস্থার সাহায্যের চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। সেগুলো পাওয়া গেলে মোট সহায়তার পরিমাণ আরও বাড়বে।ইআরডির পরিসংখ্যান থেকে আরও জানা যায়, ২০০৭-০৮ অর্থবছরে বিদেশি সহায়তা বাবদ বাংলাদেশ ২০৬ কোটি ১৫ লাখ ডলার পেয়েছিল, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।