গত অর্থবছরে প্রবাসী আয় ১৪ বিলিয়ন ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্থবছরে (২০১২-১৩) প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের (প্রবাসী আয়) পরিমাণ ছিল ১৪ দশমিক ৪৬ বিলিয়ন অর্থাত্ ১৪ হাজার ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৪৪৬ কোটি টাকা।


আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সাংসদ বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। খবর বাসসের।

অর্থমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের পরিমাণ ২০০৩-০৪ অর্থবছরে ছিল তিন হাজার ৬৪৬ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার, ২০০৪-০৫ অর্থবছরে তিন হাজার ৮৪৮ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার, ২০০৫-০৬ অর্থবছরে চার হাজার ৮০১ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার, ২০০৬-০৭ অর্থবছরে পাঁচ হাজার ৯৭৪ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার, ২০০৭-০৮ অর্থবছরে সাত হাজার ৯১৪ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার, ২০০৮-০৯ অর্থবছরে নয় হাজার ৬৮৯ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার, ২০০৯-১০ অর্থবছরে ১০ হাজার ৯৮৭ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার, ২০০১০-১১ অর্থবছরে ১১ হাজার ৬৫০ দশমিক ৩১ মিলিয়ন মার্কিন ডলার, ২০১১-১২ অর্থবছরে ১২ হাজার ৮৪৩ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার ও ২০১২-১৩ অর্থবছরে ১৪ হাজার ৪৬১ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে রেমিট্যান্স আহরণের (সংশোধিত) লক্ষ্যমাত্রা ১৪ বিলিয়ন মার্কিন ডলার।

সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০১২-১৩ অর্থবছরে সারা দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং সিনেমা হলগুলো থেকে মোট ৩৮ কোটি ৯৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

এর মধ্যে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক থেকে মোট ৩৮ কোটি ৮৯ লাখ টাকা এবং সিনেমা হলগুলো থেকে সাত লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।