গত অর্থবছরে ৩৪২৪ কোটি ডলারের পণ্য রপ্তানি আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যবিদায়ী ২০১৫-১৬ অর্থবছর দেশের পণ্য রপ্তানিতে ৩ হাজার ৪২৪ কোটি ১৮ লাখ মার্কিন ডলারের আয় হয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২ লাখ ৭৩ হাজার ৯৩৪ কোটি টাকার সমান। এক অর্থবছরে দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ পণ্য রপ্তানি আয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বুধবার বিকেলে রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, বিদায়ী অর্থবছরে অর্জিত ৩ হাজার ৪২৪ কোটি ডলারের রপ্তানি আয় এর আগের অর্থবছরের ৩ হাজার ১২০ কোটি ডলারের চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ বেশি। এ ছাড়া সর্বশেষ অর্থবছর পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩৫০ কোটি ডলার। তার মানে ২০১৫-১৬ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ২১ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে ।

ইপিবির তথ্য অনুযায়ী, মোট রপ্তানির ৮২ শতাংশই তৈরি পোশাক খাত থেকে এসেছে। গত অর্থবছর খাতটির রপ্তানির আয়ের পরিমাণ ২ হাজার ৮০৯ কোটি ৪১ লাখ ডলার দাঁড়িয়েছে। এই আয় গত ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে ১০ দশমিক ১৪ শতাংশ বেশি এবং আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ বেশি।

বিদায়ী অর্থবছরের শেষ মাস অর্থাৎ জুনে ৩৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় ২০১৫ সালের জুন মাসের রপ্তানি হওয়া ৩০৬ কোটি ডলারের চেয়ে ১৬ দশমিক ৭৪ শতাংশ বেশি।