চলতি ২০১১ সালের প্রথম তিন মাসে রবি আজিয়াটা লিমিটেডের নেটওয়ার্কে নতুন করে নয় লাখ নিট গ্রাহক যুক্ত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি অর্জনের প্রবণতাও অব্যাহত রয়েছে।রবি আজিয়াটার ঢাকার গুলশানের কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। এতে প্রতিষ্ঠানটির চলতি বছরের প্রথম প্রান্তিকের প্রাক-নিরীক্ষার ফল ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, প্রধান অর্থ কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া রিলেশন্স) মহিউদ্দিন বাবরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাইকেল ক্যুনার বলেন, ‘তীব্র প্রতিযোগিতার চাপ, বৈদেশিক ঋণের ক্ষেত্রে টাকার অবমূল্যায়নের প্রভাব ও লাইসেন্স নবায়ন প্রভৃতি সত্ত্বেও ত্রৈমাসিক পর্যায়ে রবি অর্থনৈতিক মাপকাঠিতে স্থিরতা প্রদর্শন করেছে।’মাহতাবউদ্দিন আহমেদ জানান, ‘গত তিন মাসে কোম্পানির প্রায় এক মিলিয়ন (শূন্য দশমিক ৯ মিলিয়ন) নিট গ্রাহক যোগ হয়েছে।’সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১১ সালের প্রথম তিন মাসে রবি ৭০৬ কোটি ১০ লাখ টাকা আয়ের রেকর্ড করেছে, যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। বিজ্ঞপ্তি।