দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ বাংলাদেশ লিমিটেড গত বছর ১৬টি নতুন পণ্য বাজারে এনেছে। নতুন পণ্যের ক্ষেত্রে দেশের সব প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি যেখানে পৌনে ১২ শতাংশ, সেখানে এসকেএফের প্রবৃদ্ধি সাড়ে ১৭ শতাংশ। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার এসকেএফের বার্ষিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, দেশে ঔষধশিল্পের আট হাজার কোটি টাকার বাজার আছে। সম্ভাবনাময় স্থানীয় বাজার ধরতে এসকেএফ নানামুখী উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে নতুন নতুন দেশে ওষুধ রপ্তানির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এসকেএফের ওষুধ রপ্তানি করা হচ্ছে।ড্রাইভ টু ফ্লাই—এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে নতুন বছরে নতুন লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এই সম্মেলনে প্রতিষ্ঠানটির সারা দেশের বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তা, দেশের স্বনামধন্য চিকিৎসক ও বিদেশি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সকালে বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লতিফুর রহমান। এ সময় এসকেএফের পরিচালক শাহ্নাজ রহমান, সাইফুর রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান ও শাহ্জরেহ্ হক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয়) মীর মুস্তাফিজুর রহমান, মহাব্যবস্থাপক (কোয়ালিটি অ্যাসুরেন্স) মতিআর রহমান, মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) আব্দুল্লাহ আল-ওয়াহেদ ও কে এম আরিফুল ইসলাম, মহাব্যবস্থাপক (টেকনিক্যাল সার্ভিসেস) ইখতিয়ার হোসেন, মহাব্যবস্থাপক (কমার্শিয়াল অ্যান্ড হিউম্যান রিসোর্স) মোহাম্মদ মোস্তফা হাসান প্রমুখ।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লতিফুর রহমান এসকেএফের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সিমীন হোসেনের নাম ঘোষণা করেন। এত দিন তিনি প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।