গত বছরে মূল্যস্ফীতি ১০.৬২ শতাংশ
গত অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরে রাখতে পারেনি সরকার। গত বছরে জুন মাস শেষে সারা বছরের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.৬২ শতাংশে। গত বছরের বাজেটে মূল্যস্ফীতির গড় হার ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত জুন মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮.৫৬ শতাংশে। গত মে মাসে এই হার ছিল ৯.৫১ শতাংশ। জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭.০৮। আর খাদ্য-বহির্ভূত পণ্যে এই হার ১১.৭২ শতাংশ। খাদ্য এবং খাদ্য-বহির্ভূত পণ্যে মে মাসের তুলনায় মূল্যস্ফীতির হার কমেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।