গত সপ্তাহে সূচক ও আর্থিক লেনদেন দুটোই কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেয়ারবাজারে গত সপ্তাহে নজিরবিহীন দরপতনের ঘটনা ঘটে। সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রথম ও শেষ দিন শেয়ারবাজারে চাঙাভাব লক্ষ করা যায়। তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কর্মদিবসে দরপতন ঘটে। এর মধ্যে চতুর্থ দিন ঘটে নজিরবিহীন দরপতন। গোটা সপ্তাহে সাধারণ সূচক, আর্থিক লেনদেন, বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, গত রোববার চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে সোম, মঙ্গল ও বুধবার অধিকাংশ শেয়ারের দাম কমে যায়। এর মধ্যে বুধবার নজিরবিহীনভাবে সব শেয়ারের দাম কমে যায়। এদিন এক ঘণ্টার বেশি কিছু সময়ের ব্যবধানে সাধারণ সূচক প্রায় সাড়ে ৫০০ পয়েন্ট কমে। ফলে আতঙ্কিত ও ক্ষুব্ধ বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে সূচকের কিছুটা ঊর্ধ্বগতি হলে বিনিয়োগকারীরা তাঁদের অবরোধ তুলে নেন।নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) নজিরবিহীন দরপতনের কারণ খুঁজতে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে সাধারণ মূল্যসূচক দুই দশমিক ৯২ শতাংশ বা ২৫৭ দশমিক ৯০ পয়েন্ট কমে যায়। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৮৮৩৮ দশমিক ১০ পয়েন্ট, যা এক সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৮৫৮০ দশমিক ২০ পয়েন্টে।একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ছয় দশমিক ৭২ শতাংশ কমে প্রতিদিন দুই হাজার ৩২০ কোটি টাকা করে হয়েছে। গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ১১ হাজার ৬০৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ছয় দশমিক ৭২ বা ৪৩৯ কোটি টাকা কম।এদিকে সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৬৬ হাজার ৫৬৭ কোটি টাকা, যা সপ্তাহ শেষে দুই দশমিক ৩৫ শতাংশ কমে তিন লাখ ৫৭ হাজার ৯৪০ কোটি টাকায় দাঁড়ায়।এদিকে গত সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এবি ব্যাংক, বেক্সিমকো, সাউথইস্ট ব্যাংক, তিতাস গ্যাস, ইউসিবিএল, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, শাইনপুকুর সিরামিক, প্রাইম ব্যাংক ও এনবিএল।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—সাভার রিফ্রাক্টরিজ, প্রথম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, শাইনপুকুর সিরামিক, আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল টিউবস, প্রাইম ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল প্রথম এনআরবি মিউচুয়াল ফান্ড, ঢাকা ডাইং ও আইএফআইসি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড। সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—ফার্মা এইডস, দেশ গার্মেন্টস, তাল্লু স্পিনিং, সোনালী আঁশ, মিথুন নিটিং, সিএমসি কামাল, বঙ্গজ, বিডি অটোকারস, আজিজ পাইপ ও এমবি ফার্মা।