গতি ফিরে আসছে বাড়ছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
শেয়ারবাজার
বাজেট সামনে রেখে দেশের শেয়ারবাজারে কিছুটা গতি ফিরেছে। বাজেট ঘোষিত হওয়ার আগে ইতিমধ্যে পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফে ৯০০ কোটি টাকার একটি তহবিল গঠনের বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন সরকারের উদ্যোগে এই তহবিল গঠিত হবে।

এ ছাড়া বাজেটে বিভিন্ন ধরনের কর-সুবিধা, কালোটাকা সাদা করার সুযোগসহ পুঁজিবাজারের জন্য বেশ কিছু প্রণোদনা থাকবে এমন প্রত্যাশা বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের। আর সেই প্রত্যাশা সামনে রেখেই বাজার এখন ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববারও দুই স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকই ছিল ঊর্ধ্বমুখী। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬৮ শতাংশ বা ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯৪৩ পয়েন্টে। সাধারণ সূচক ৬২ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৬৩ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৫৬ পয়েন্টে।

জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘আগামী বাজেটকে ঘিরে বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে একধরনের ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। এ ছাড়া শেয়ারবাজারের জন্য ৯০০ কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্তও এরই মধ্যে নেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক পরিবেশও কিছুটা স্বস্তিদায়ক মনে হচ্ছে। এসবের সম্মিলিত একটি ইতিবাচক প্রভাবই এখন শেয়ারবাজারে পড়েছে।’

মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, সরকারের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনেকের ধারণা, এবারের বাজেটে শেয়ারবাজারকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এরই মধ্যে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো বাজেটে গুরুত্ব পাবে। সেটি হলে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীরা আস্থাশীল হবেন।

বিএমবিএর সভাপতি বলেন, শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্তটি বাজারের জন্য খুবই বড় ঘটনা। শেয়ারবাজারের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। এটি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৬ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। রোববার ডিএসইতে ২৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৪ টিরই দাম বেড়েছে, কমেছে ২৯টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। দিনের শেষে লেনদেনের পরিমাণ ছিল ৪৭৬ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১০ কোটি টাকা বেশি।

চট্টগ্রামের বাজারে এদিন ২০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮১টিরই দাম বেড়েছে, কমেছে ২০টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। দিনের শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৪ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে দুই কোটি টাকা বেশি।