গতি বাড়বে মালবাহী গাড়ির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর রেলওয়ে কারখানায় হস্তান্তরের অপেক্ষায় ওয়াগন, প্রথম আলো
সৈয়দপুর রেলওয়ে কারখানায় হস্তান্তরের অপেক্ষায় ওয়াগন, প্রথম আলো

গতি বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হলো ১০টি রেল ওয়াগনে (মালবাহী গাড়ি)। সৈয়দপুর রেলওয়ে কারখানায় আধুনিকায়ন হওয়া এসব ওয়াগনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করে এ মাসেই ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, যুক্তরাজ্য থেকে ১৯৮৩ সালে আমদানি করা এসব ওয়াগন দীর্ঘদিনের চলাচলে জরাজীর্ণ হয়ে পড়েছিল। তাই ওয়াগনগুলো মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হয়েছে।
কারখানার কার্যব্যবস্থাপক মুহম্মদ কুদরত-ই-খুদা প্রথম আলোকে জানান, গত জানুয়ারি মাসে ওয়াগনগুলোর মেরামতকাজ শুরু হয়। নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ভ্যাকুমাইজ (ব্রেক ব্যবস্থা) সংস্কারসহ ওয়াগনগুলোকে বঙ্গবন্ধু সেতু পারাপারের উপযোগী করে তোলা হয়েছে। এর ফলে ওয়াগনগুলো এখন যেকোনো ট্রেনে জুড়ে দেওয়া সম্ভব হবে।
রেলওয়ে সূত্রমতে, আগে যেখানে সৈয়দপুর-খুলনা রেলপথে ৪৩৭ কিলোমিটার দূরত্বে রেল ওয়াগনে পণ্য পরিবহনে তিন দিন লাগত, সেখানে নতুন ওয়াগনগুলোর লাগবে মাত্র ১২ ঘণ্টা। এ ক্ষেত্রে বিশেষ করে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের ব্যয়ও প্রায় ৬০ ভাগ কমবে।
প্রসঙ্গত, মেরামত করা প্রতিটি ওয়াগনের পণ্য পরিবহন ক্ষমতা হচ্ছে ৪৫ মেট্রিক টন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়াগন শপের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ইনচার্জ) সুলতান আহমেদ সম্প্রতি প্রথম আলোকে জানান, নতুন প্রযুক্তি প্রয়োগে প্রতিটি ওয়াগন মেরামতে আট লাখ টাকা ব্যয় হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে পর্যায়ক্রমে আরও ৪১৯টি ওয়াগন আধুনিকায়ন করা হবে।
রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক নূর আহম্মেদ হোসেন জানান, কেবল যাত্রীবাহী ক্যারেজ মেরামত নয়, সব রকম ওয়াগন, ফুয়েল ট্যাংক মেরামত ও পুনর্বাসন হচ্ছে এই কারখানায়। লোকবলের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা উৎপাদন স্বাভাবিক রেখেছি।’