গতিশীল প্রবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতিতে গতিশীল প্রবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ দাবি করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি)।আইসিসিবির ত্রৈমাসিক প্রকাশনা নিউজ বুলেটিন-এর গত অক্টোবর-ডিসেম্বর সংখ্যার সম্পাদকীয়তে এ দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, এক দশক ধরে বৈশ্বিক পরিবেশের নানা চ্যালেঞ্জ এবং দেশে দুর্বল শাসনব্যবস্থা, রাজনৈতিক প্রতিকূলতা ও জ্বালানি খাতসহ যথোপযুক্ত অবকাঠামোর অভাব থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য সামাজিক অর্জন ও সন্তোষজনক কর্মকাণ্ডের সুবাদে বাংলাদেশ স্থিতিশীল ধারায় অর্থনৈতিক উন্নয়ন করে চলেছে। এই প্রবণতা অব্যাহত রাখা ও উন্নততর আর্থসামাজিক লক্ষ্য অর্জনের জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সাম্প্রতিক সময়ের লাগাতারভাবে অবনতিশীল ও সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতি ব্যবসায়িক কার্যক্রমকে যেমন বাধাগ্রস্ত করছে, তেমনি এতে রাষ্ট্রেরও ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।আইসিসিবি বলেছে, বর্তমান সংসদও অতীতের মতোই বিরোধী দলের অনবরত বয়কট করায় এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের সদিচ্ছার অভাব থাকায় সংসদ কম কার্যকর থেকেছে। শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠনটির মতে, ‘আমরা বিশ্বাস করি, সমন্বিত আর্থসামাজিক প্রবৃদ্ধির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। দেশ ও দেশের অর্থনীতির স্বার্থে ব্যবসায়ী নেতারা রাজনৈতিক নেতৃত্বের প্রতি বহুবার এই আহ্বান জানিয়েছে।’